• ই-পেপার

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ আর্জেন্টাইন তারকা

মেজর সকার লিগে মেসির বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে!

ক্রীড়া ডেস্ক
মেজর সকার লিগে মেসির বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে!

ইনজুরি কাটিয়ে দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের হয়ে মাঠে নামেন ব্রাজিলিয়ার তারকা নেইমার। গভীর এক আবেগঘন প্রত্যাবর্তনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। কিন্তু এসবকে ছাপিয়ে যে খবর সামনে এলো সেটা হলো—সান্তোস ছেড়ে মেজর সকার লিগের ক্লাব সিনসিনাটির যোগ দেওয়ার আলোচনা থেকে সরে এসেছেন। যার ফলে এমএলএসে লিওনেল মেসির সঙ্গে পুনর্মিলনের সুযোগটি আপাতত বন্ধ হলো। 
 
বিশ্বকাপে শেষ ম্যাচে মাঠে নেমে দলকে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি উচ্ছ্বসিত ছিল সমর্থকরা। এসবের বাইরেও সবার মনোযোগ ছিল, মেজর লীগ সকারে তার সম্ভাব্য দলবদলের খবর।

দ্য অ্যাথলেটিকের টম বোগার্টের তথ্য অনুযায়ী, লিখিত চুক্তিপত্রের অভাব এবং দীর্ঘসূত্রিতার কারণে নেইমার এফসি সিনসিনাটির সঙ্গে আলোচনা থেকে সরে এসেছেন। এর আগে ক্লাবের কর্মকর্তা ক্রিস অলব্রাইট এবং জেফ বার্ডিং নেইমার ও তার বাবার সঙ্গে দেখা করতে এপ্রিলে ব্রাজিলে গিয়েছিলেন। কিন্তু সেটি চুক্তির মতো কোনো আনুষ্ঠানিক আলোচনায় গড়ায়নি বলে জানা গেছে।

জানা যায়, দলে ভেড়ানোর ব্যাপারে এমএলএস ক্লাবটি যথেষ্ট আন্তরিক ছিল না বলেই আলোচনা থেকে সরে গিয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। আর্থিক শর্তে সমঝোতা হলে সিনসিনাটিতে যোগ দিতে রাজি ছিলেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না থাকায় আলোচনা পুরোপুরি বন্ধ করে দেন তিনি।

সিনসিনাটির সঙ্গে আলোচনা থেকে সরে এলেও নেইমার মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি। দ্য অ্যাথলেটিক আরো জানিয়েছে, অন্য কোনো ক্লাব উপযুক্ত কোনো প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আগ্রহী থাকবেন তিনি।

অনুশীলনে পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলে

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলে

বিশ্বকাপে শেষের দিকে গ্রুপের ম্যাচগুলো। রাউন্ড থার্টি টুতে কে কার প্রতিপক্ষ সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। জর্দানের বিপক্ষে মাঠে নামার আগে দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া শুরুর একাদশ সাজাতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে। তাতে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বেশ কয়েকজন তরুণ তারকা।

বৃহস্পতিবার দলের অনুশীলনে নির্ভার দেখা গেছে কোচ লিওনেল স্কালোনিকে। এ সময় প্রফুল্ল দেখা গেছে দলের খেলোয়াড়দের। ভিন্ন এক একাদশ সাজিয়ে অনুশীলন সেরেছেন কোচ।

গোলবারের নিচে কঠোর অনুশীলনে দেখা গেছে হুয়ান মুসোকে, যদিও ম্যাচে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট, অনুশীলনে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ডের খরায় রাইন্ড থার্টি টুয়ের খেলা মিস করার ঝুঁকিতে এড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে নাও থাকতে পারে। অনুশীলনে তার সঙ্গে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনে ছিলেন। বিশ্বকাপে এখনো দেখা যায়নি ভ্যালেন্তিন বারকোকে। রোজারিও সেন্ট্রাল যুব দলের এই খেলোয়াড়েরও শুরু একাদশে থাকার সম্ভাবনা আছে।

উইঙ্গার হিসেবে মাঠে নামতে পারে নিকো পাজ। স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে জুলিয়ান আলভারেজ একরকম চূড়ান্তই থাকছেন। বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা লিওনেল মেসি ছিলেন বেঞ্চে। আর্জেন্টাইন অধিনায়ককে দ্বিতীয়ার্ধে খেলানো হতে পারে। তবে কি কৌশল নেবেন স্কালোনি তা পরিষ্কার বুঝতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের।

আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

ক্রীড়া ডেস্ক
আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা
ভিনিসিয়ুসের সঙ্গে গিমারেস। ছবি : রয়টার্স

নতুন মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করার পরিকল্পনা শুরু করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই পরিকল্পনার অংশ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে ভেড়াতে আগ্রহী ‘গানাররা’।

ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’ জানিয়েছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী। যদিও এখন পর্যন্ত নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গিমারেস নিজে আর্সেনালে যেতে আগ্রহ দেখালে নিউক্যাসলের জন্য তা বড় ধাক্কা হতে পারে। ক্লাবটির আশঙ্কা, তার বিদায় আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দল ছাড়ার পথ তৈরি করতে পারে।

এরই মধ্যে অ্যান্থনি গর্ডন ৭০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েছেন। অন্যদিকে ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টটেনহাম। প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলেও উত্তর লন্ডনের ক্লাবটি নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসল টোনালির মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করেছে বলে জানা গেছে।

গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরো দুই বছর। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে খেলেছেন তিনি। করেছেন ৯ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। তবে তার পারফরম্যান্সও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে দিতে পারেনি এডি হাওয়ের দলকে। প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকেই মৌসুম শেষ করেছে নিউক্যাসল।

আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে
ছবি : রয়টার্স

দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’র শীর্ষস্থান এখন অনেকটাই নিশ্চিত লিওনেল মেসিদের। ফলে শেষ ৩২-এ কার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২-এ খেলবে গ্রুপ ‘এইচ’র রানার্সআপের বিপক্ষে। আর এই সমীকরণেই সামনে চলে এসেছে আর্জেন্টিনা-স্পেন সম্ভাব্য লড়াই।

গ্রুপ ‘এইচ’-এ দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট। উরুগুয়ের আছে ২ পয়েন্ট। দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি তাই নির্ধারণ করে দিতে পারে গ্রুপের ভাগ্য।

যদি উরুগুয়ে স্পেনকে হারাতে পারে, তাহলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। সে ক্ষেত্রে স্পেন নেমে যাবে দ্বিতীয় স্থানে এবং রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’র শীর্ষ দল আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের শুরুতেই হতে পারে দুই পরাশক্তির বহুল প্রতীক্ষিত লড়াই।

তবে স্পেনের সামনে রয়েছে আরেকটি সম্ভাব্য পথ। একই সময়ে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধানে স্পেন দ্বিতীয় নয়, তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। সে ক্ষেত্রে তারা আর আর্জেন্টিনার মুখোমুখি হবে না এবং সম্ভাব্য সেই মহারণ আপাতত এড়িয়ে যাবে।

অন্যদিকে স্পেন যদি উরুগুয়ের বিপক্ষে অন্তত ড্র করতে পারে, তাহলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের মধ্যে কোনো একটি দল, গ্রুপের চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করে।

এবারের বিশ্বকাপে গ্রুপের অবস্থান নির্ধারণে প্রচলিত গোল ব্যবধানের আগে গুরুত্ব দেওয়া হচ্ছে হেড-টু-হেড ফলকে। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের ফল, এরপর হেড-টু-হেড গোল ব্যবধান, হেড-টু-হেডে করা গোল, সামগ্রিক গোল ব্যবধান, মোট গোল, শৃঙ্খলা রেকর্ড এবং সবশেষে ফিফা র‍্যাঙ্কিং।

তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শুধু পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই নয়, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণের ক্ষেত্রেও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সমীকরণেই শেষ ৩২-এ আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য মুখোমুখি হওয়ার দিকে নজর ফুটবলপ্রেমীদের।