শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা অপ্রতুল। তাই মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শন করা সম্ভব হয় না। এ জন্য মাদ্রাসা বোর্ডগুলোকে অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে মাদ্রাসা পরিদর্শন বৃদ্ধি করতে হবে।
শুক্রবার (২৬ জুন) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এবার সাধারণ শিক্ষা বোর্ডে আমরা অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিচ্ছি। আগামীতে কমন বিষয়গুলোতে মাদ্রাসা ও কারিগরিতেও অভিন্ন প্রশ্নপত্র করা হবে।
তিনি আরো বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নফাঁস বিষয়ে গুজব ছড়ালে কোনো ছাড় দেওয়া হবে না। যারা প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে পুলিশ আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করবে এবং আটক করবে।
সভার শুরুতে শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ।





