বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হওয়ায় একাদশে ব্যাপক পরিবর্তন এনেছিলেন পচেত্তিনো। জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তুরস্ক। তুরস্কের কাছে হেরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সমালোচনামূলক প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো।
গতকাল বৃহস্পতিবার রাতে সোফি স্টেডিয়ামে তুরস্কের কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মরিসিও পচেত্তিনোকে আক্রমণাত্মক এবং হতাশ দেখাচ্ছিল।
সাংবাদিকদের প্রশ্নগুলোকে ‘অদ্ভুত’ এবং ‘তুচ্ছ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘তুরস্ক ৩ পয়েন্ট পেয়ে উদযাপন করছে, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে নকআউটে উঠে উদযাপন করছে... অথচ আপনারা আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি অভিনন্দনও জানালেন না, এটি কিছুটা ‘দুঃখজনক’।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যেই বাদ পড়া একটি দলের কাছে শেষ মুহূর্তের পরাজয়ের পর ছন্দ হারানোর সম্ভাবনা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।’
‘আমার সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা গ্রুপে প্রথম হয়েছি। দুঃখিত বন্ধুরা, আমরা জিতেছি (গ্রুপে)।’ এই কথা বলেই তিনি দ্রুত প্রেস কনফারেন্স থেকে উঠে যান।
গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে পা রাখা যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে রাউন্ড থার্টি টুর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। চোট কাটিয়ে পুরো সময়ের জন্য মাঠে ফিরতে পারেন তারকা স্ট্রাইকার অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক।




