হারের শঙ্কা জেঁকে বসছিল ইংল্যান্ডকে। ডিআর কঙ্গোর বিপক্ষে ৭৪ মিনিট পর্যন্ত যে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। আটলান্টায় শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হতে দেননি হ্যারি কেইন। ১১ মিনিটের মধ্যে জোড়া গোল করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
কেইন নায়ক হলে পার্শ্বনায়ক অ্যান্থনি গর্ডন। বদলি নেমে সতীর্থর দুই গোলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। রুদ্ধশ্বাস জয়ের পর অধিনায়কের প্রশংসা করতেও কৃপণতা দেখাননি গর্ডন। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের মতে, শুধু লিওনেল মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে।
কেইনের প্রশংসায় গর্ডন বলেছেন, ‘তার সঙ্গে থাকতে পারাটা দারুণ ব্যাপার। বিশ্ব ফুটবলের চূড়ায় থাকা একজনকে কাছ থেকে দেখাটা অন্যরকম এক ব্যাপার। সে এমন এক মৌসুম কাটাচ্ছে যা শুধু মেসি করে দেখিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার মেসি বলে কথা। এতে বোঝা যায় কতটা উঁচুমাপের ফুটবল খেলছেন কেইন।’
৮৬ মিনিটে গর্ডনের পাস থেকে কেইনের দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। বক্সের মাঝ থেকে একটু ডান দিকে সরে গিয়ে জোরাল শট নেন কেইন। তা শুধু চেয়ে চেয়ে জালে জড়াতে দেখলেন কঙ্গোর গোলরক্ষক। এই গোল নিয়ে গর্ডন বলেছেন, ‘শটটা নেওয়ার সময়ই আমি জানতাম এটা গোল হতে যাচ্ছে। তাই আগেভাগেই উদযাপন শুরু করে দেই আমি। যে কেউ একটা ভালো গোল করতে পারে। বলকে পোস্টের একেবারে কোনায় পাঠাতে পারে কিন্তু সে যেভাবে দিনের পর দিন এটা করছে সেটাই হলো আসল। সত্যিই সে অসাধারণ খেলা উপহার দিচ্ছে।’




