কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা। এই বাজি ধরার লোক খুব একটা পাওযা যাবে না। কেননা শক্তি-সামর্থ্য প্রতিপক্ষের থেকে ঢের এগিয়ে আলবিসেলেস্তারা। ফিফা র্যাংকিংয়ে তার প্রমাণ মিলছে।
৬৭ নম্বরে থাকা কেপ ভার্দের বিপরীতে আর্জেন্টিনা শীর্ষে। বর্তমানে অবিশ্বাস্য ছন্দেও আছে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত তারা। ম্যাচের চিত্র একাই বদলে দিতে যিনি অভ্যস্ত সেই লিওনেল মেসিও আছেন দুর্দান্ত ছন্দে। ৬ গোল নিয়ে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
এমন দূরন্ত ছন্দে থাকা আর্জেন্টিনাকে নাকি হারাবে কেপ ভার্দে। সেটিও আবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে। অনেকে না করলেও বিশ্বাস করেন ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম। তার মতে, শেষ ৩২-য়ের ম্যাচে আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে।’
ওঝার সুরে কথা বলেছেন কেপ ভার্দের প্রেসিডেন্টও। বিবিসিকে জোসে মারিয়া নেভেস বলেছেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জেতার জন্যই মাঠে নামব। যখন কোনো দলের ওপর প্রত্যাশা কম থাকে; কিন্তু জয়ের ক্ষুধা থাকে প্রবল, তখন অনেক কিছুই সম্ভব।’
এবার আর্জেন্টিনার হার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। জোসে ম্যানুয়েল রামোস-হোর্তা বলেছেন, ‘মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে পেরে উঠতে পারবে না।’
ব্যাখ্যাও দিয়েছেন ম্যানুয়েল। তিনি বলেছেন, ‘‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অতুলনীয়। তাদের কঠোর খাদ্যাভ্যাস এর মূল কারণ। তারা ‘কাচুপা’ খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে অসাধারণ সহনশীলতা গড়ে তুলেছে তারা।’’
অন্যরা বিশ্বাস না করলেও কেপ ভার্দের জয় দেখছেন ম্যানুয়েল। তিনি বলেছেন, ‘কেপ ভার্দের ওপর কে আস্থা রাখেনি? অথবা বলা ভালো, কে-ই বা আসলে তাদের ওপর বিশ্বাস রেখেছিল? তবে, আমি বিশ্বাস রেখেছিলাম এবং এখনও রাখি। আমার মতে, কেপ ভার্দে ইতিমধ্যেই জিতে গেছে।’
শেষ ৩২-য়ের ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। ম্যাচটি হবে মায়ামি স্টেডিয়ামে।




