• ই-পেপার

মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী

আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের পাশে প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত হওয়া পুলিশ কর্মকর্তাদের প্রতি সহমর্মিতা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর অভিযুক্তদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।
 
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আদাবর থানা পুলিশ। পরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

‎আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে, আহত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে।
 
তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলের ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বসুনিয়া।
 
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সকালে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে বিকেলে সংসদে সিলেটের এমপি

অনলাইন ডেস্ক
সকালে প্রধানমন্ত্রীর ধমক খেয়ে বিকেলে সংসদে সিলেটের এমপি
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধমক খেয়ে বিকেলে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। আজ বুধবার সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। 

বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।’ প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করায় বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দু’টি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপন করেন। এরপর মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।

সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি

অনলাইন ডেস্ক
সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি
জাতীয় সংসদে কথা বলছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। ছবি : সংসগৃহীত।

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হওয়া সংসদ অধিবেশনে তিনি এ দাবি করেন।

মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাস হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

অনলাইন ডেস্ক
গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে, যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। 

বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে 'লাগসই প্রযুক্তির মানোন্নয়নের চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, গবেষণা ফল'কে  প্রোটোটাইপ বা নমুনা আকারে শিল্প/ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে হবে। যাতে তারা পাইলটিং করে সেবা বা পণ্য আকারে বাজারজাত করে সমাজে এটির ইম্প্যাক্ট বা ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। 

সচিব বলেন, লাগসই প্রযুক্তি মানে সস্তা প্রযুক্তি বেছে নেওয়া নয়, বরং এটি হলো আরো বেশি সময়োপযোগী প্রযুক্তি বেছে নেওয়া। প্রযুক্তি বাংলাদেশের উপযোগী হওয়া উচিত, বাংলাদেশকে প্রযুক্তির উপযোগী হতে বাধ্য করা উচিত নয়।

আনোয়ার হোসেন বলেন, ইম্প্যাক্ট বা প্রভাবহীন উদ্ভাবন অর্থাৎ এমন গবেষণা যা বাস্তবে মানুষের কোনো কাজে বা পরিবর্তনে ভূমিকা রাখেনা সে রকম গবেষণা থেকে আমাদের সরে আসা উচিত।

সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমদ প্রমুখ বক্তৃতা করেন। 

এ ছাড়া সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানবৃন্দ জুম প্লাটফর্মে ভার্চুয়ালি যুক্ত হন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।