• ই-পেপার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে সোমালিল্যান্ডের নতুন পদক্ষেপ

গাজার সীমান্তে নতুন করে বসতি গড়লেন ৫ হাজার ইসরায়েলি

অনলাইন ডেস্ক
গাজার সীমান্তে নতুন করে বসতি গড়লেন ৫ হাজার ইসরায়েলি
সংগৃহীত ছবি

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার এক হাজার দিন পর গাজার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নতুন করে পাঁচ হাজার মানুষ এসে বসবাস শুরু করেছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের হামলার আগে গাজার সীমান্তসংলগ্ন ওই এলাকায় প্রায় ৬২ হাজার মানুষের বসবাস ছিল। হামলার পর নিরাপত্তার কারণে অনেক বাসিন্দা এলাকা ছেড়ে চলে যান। তবে বর্তমানে তাদের প্রায় ৯০ শতাংশ নিজ নিজ এলাকায় ফিরে এসেছেন। ইসরায়েল সরকার আগামী ২০৩০ সালের মধ্যে এই সীমান্তবর্তী অঞ্চলে মোট ১ লাখ ২৪ হাজার মানুষের বসবাস নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে। এ জন্য পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন এবং নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ইসরায়েলের তেকুমা অধিদপ্তর জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার পর গাজা সীমান্তবর্তী এলাকার পুনর্বাসন ও উন্নয়নের দায়িত্ব তাদের দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকে সংস্থাটি ওই অঞ্চলে এক হাজারের বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব প্রকল্পের মধ্যে সীমান্ত এলাকার নিরাপত্তা আরো জোরদার করা, স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করা, মানসিক আঘাত কাটিয়ে উঠতে সহায়তা দেওয়া, কৃষি খাতে নতুন বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন শিল্পকারখানাকে ওই এলাকায় স্থানান্তরে উৎসাহ দিতে বিশেষ সুবিধা দেওয়ার মতো উদ্যোগ রয়েছে। 

ইসরায়েল সরকারের আশা, এসব উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলে জনবসতি বৃদ্ধি পাবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমও আরো শক্তিশালী হবে।


 

গাজায় যুদ্ধের ১০০০ দিন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কোন পথে?

অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধের ১০০০ দিন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কোন পথে?
ছবি: রয়টার্স

ইসরায়েলে ২০২৩ সালের সাত অক্টোবর হামলার পর গাজায় ইসরায়েলের শুরু করা সামরিক অভিযান ও যুদ্ধের এক হাজার দিন পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়জুড়ে গাজায় ব্যাপক প্রাণহানি, অব্যাহত হামলা এবং তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৭৩ হাজার ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ লাখ ৭৩ হাজার ৫১৪ জন। যুদ্ধের এক হাজারতম দিনে গাজার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ আগের তুলনায় কিছুটা কমেছে। তবে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৫০ জনের বেশি নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এদিকে বুধবার জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় ইসরায়েল যেভাবে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়াচ্ছে, তাতে সাধারণ মানুষের জীবন আরো বেশি ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে যেসব এলাকায় স্থলভাগে কোনো স্পষ্ট সীমানা চিহ্ন নেই, সেখানে বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কা বেশি।

গাজার সব সীমান্ত পারাপারের পথ এখনো ইসরায়েলি বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে অথবা বন্ধ আছে। এর ফলে পুরো গাজা এখনো কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই অবরোধের কারণে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জামসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারছে না। গত মাসে জাতিসংঘ জানিয়েছিল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মৌলিক উপকরণ গাজায় পৌঁছাতে না পারায় এখনো ১৭টি হাসপাতাল পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

দীর্ঘ এক হাজার দিনের যুদ্ধের কারণে গাজার মানুষের জীবন আরো কঠিন হয়ে উঠেছে। অনেক ফিলিস্তিনি জানিয়েছেন, তারা আর এই পরিস্থিতি সহ্য করতে পারছেন না। লাখো মানুষ এখন বিশাল তাঁবু শিবিরে বসবাস করছেন। সেখানে নিরাপদ পানি, খাবার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধার তীব্র সংকট রয়েছে। আবার অনেক পরিবার বাধ্য হয়ে বোমায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যেই বসবাস করছে। গত বছরের আগস্টে আন্তর্জাতিক স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞদের আগের আশঙ্কার পর গাজা সিটিতে দুর্ভিক্ষের পরিস্থিতি ঘোষণা করা হয়। এরপর থেকে খাদ্যসংকট আরো প্রকট হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়ে আসছে।

তবে গাজায় বেসামরিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলের সামরিক সংস্থা কোগাত এ দাবি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির ভাষ্য, গাজায় যে পরিমাণ খাদ্য প্রবেশ করছে, তা সেখানকার মানুষের পুষ্টির প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
 

সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি হুমকি, জাতিসংঘকে চিঠি দিল ইরান

অনলাইন ডেস্ক
সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি হুমকি, জাতিসংঘকে চিঠি দিল ইরান
ছবি : রয়টার্স

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক হুমকির প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে পাঠানো ওই চিঠিতে ইরাভানি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের এই হুমকি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত একটি ‘পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নীতির’ অংশ।

তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ আগ্রাসন, রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা এবং এসব কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা এই নীতিরই অংশ। ইরাভানি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল দায়মুক্তির সুযোগ পাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে তেহরান।

চিঠিতে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী দায়িত্ব পালনে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা দায়মুক্তির সংস্কৃতিকে শক্তিশালী করেছে। এর ফলে ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। 

এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য দেশটির ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ছয় দিনব্যাপী এই কর্মসূচি ইরানের পাঁচটি শহরের পাশাপাশি প্রতিবেশী ইরাকের দুটি শহরেও অনুষ্ঠিত হবে।

শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা নামাজ কমপ্লেক্সে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। সোমবার তেহরানের রাজপথে জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কুমে। পরে ইরাকের নাজাফ ও কারবালা শহরেও শোকানুষ্ঠান হবে।

সবশেষে ৯ জুলাই খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে এনে তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। শেষকৃত্যে দেশ-বিদেশ থেকে লাখো মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা, এতে দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষ উপস্থিত হতে পারেন। এ উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

এ ছাড়া রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এর আগে দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু
ছবি : রয়টার্স

রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে গত মাস থেকে বিশেষ এক অভিযান শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অভিযানের অংশ হিসেবে রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগার, তেল টার্মিনাল, নৌযান, অস্ত্র কারখানা ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

জেলেনস্কি নিশ্চয়ই জানতেন, ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে। বুধবার তিনি কিয়েভবাসীকে সতর্কও করেছিলেন। তবে রাশিয়ার ছোড়া পাটকেল কতটা ভয়াবহ হতে পারে, বুধবার দিবাগত রাতে সেটা হাড়ে হাড়ে টের পেলো কিয়েভবাসী।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাতভর চালানো রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এক শিশু, কয়েকজন স্বাস্থ্যকর্মীসহ আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য মতে, একটি অ্যাম্বুল্যান্স সাবস্টেশনে হামলা হওয়ায় ওই স্বাস্থ্যকর্মীরা আহত হন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো বলেন, ‘আবাসিক ভবনগুলোতে সরাসরি ও অত্যন্ত মারাত্মক আঘাত হেনেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।’ কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা টানা ১১ ঘণ্টা ধরে চলে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে এবং প্রায় ৩০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভেঙে পড়া আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকগুলোতে আগুন জ্বলছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। 

ইউক্রেন বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোতে হামলার অভিযোগ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী কিয়েভসহ দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোনসহ নির্ভুল ও দূরপাল্লার অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া দাবি করছি। রাশিয়ার এই সন্ত্রাস থামাতে শুধু নিন্দার বাণী নয়, বরং বাস্তবমুখী পদক্ষেপ প্রয়োজন।’ 

বুধবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার এবং বিমান হামলার সাইরেন শোনার অনুরোধ জানিয়েছিলেন।

তিনি সতর্ক করেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কিছুদিন ধরে ইউক্রেনের বিরুদ্ধে একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন। জেলেনস্কি লেখেন, ‘আজ রাতে ঠিক এই হুমকির মুখেই আমরা দাঁড়িয়ে আছি।’ এরপরই কিয়েভের বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে ভিড় জমান এবং একটি দীর্ঘ ও ভয়াবহ রাতের জন্য প্রস্তুতি নেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে সাইরেন বাজতে শুরু করে এবং তা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাজতেই থাকে।