রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ায়ী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
এ সময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১ টি শর্টগান, ১ টি ছুরি, ১ টি রড, ১ টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১ টি ল্যাপটপ, ১ টি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, ১ টি প্রাইভেটকার, ১ টি ট্রাক, ১ টি স্কুল ব্যাগ ও নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।









