• ই-পেপার

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৫৭ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৫৭ মামলা
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৭৯টি সিএনজি, ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৪৭৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৭৭টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ১০টি কাভার্ড ভ্যান, ৪৯টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৬০৯টি গাড়ি ডাম্পিং ও ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে গতি, পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে গতি, পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

রাজধানীর তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থাকে আরো কার্যকর ও আধুনিক করতে ঢাকার চারটি আন্ত জেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগে গতি এসেছে। এ লক্ষ্যে বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এর আগে গত ১৫ জুন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবারের পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংশ্লিষ্টরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পরিদর্শনে ছিলেন।

তারা সম্ভাব্য বাস টার্মিনাল ও অস্থায়ী বাস ডিপোর জন্য পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ী, গাবতলী বাস টার্মিনালসংলগ্ন চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস এলাকা, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিদর্শনের পর উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো, আন্ত জেলা বাস চলাচল আরো সুশৃঙ্খল করা এবং নগরবাসীর যাতায়াতব্যবস্থা সহজ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

স্কুলের সামনে বখাটে ছত্রভঙ্গ, ফুটপাত উদ্ধার করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
স্কুলের সামনে বখাটে ছত্রভঙ্গ, ফুটপাত উদ্ধার করল ডিএসসিসি
ছবি : কালের কণ্ঠ

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে রাজধানীর ধানমণ্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্কুলের আশপাশে অবস্থানরত বখাটেদের সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

অভিযানে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে স্কুলসংলগ্ন সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ সময় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি মামলা করা হয় এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবৈধ দখল থেকে বিরত থাকা এবং জনস্বার্থে পরিচালিত অভিযানে সহযোগিতা করা সবার দায়িত্ব।

ঢাবি স্টেশনে মেট্রোর যাত্রাবিরতি সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ঢাবি স্টেশনে মেট্রোর যাত্রাবিরতি সাময়িক বন্ধ
ফাইল ছবি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো রেলের যাত্রাবিরতি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ ১ জুলাই (বুধবার) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্টপেজ বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুপুরে এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ডিএমটিসিএল।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ১ জুলাই বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।