হাওরের মাছের উৎপাদন ও সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘হাওরের মাছের জন্য যে সকল কাজ করলে আপনাদের উপকার হবে, আমরা সবই করব। তবে এজন্য আমাদের সময় দিতে হবে। মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে এবং নিয়ম মানতে হবে।’
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলা খেলার মাঠে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১৬ টন পোনা মাছ হাওরে অবমুক্ত করা হয়েছে বলেও জানান।
তিনি আরো বলেন, ‘দয়া করে কেউ ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না। আপনাদের আর কিছু চাইতে হবে না, রাস্তা-ঘাটসহ সব উন্নয়ন করা হবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবরকে স্থানীয় এলাকার “মা-মাটি ও মানুষের নেতা” হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন এবং এলাকার উন্নয়নে কাজ করছেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এই এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হবে। চার মাস মাছ ধরা থেকে বিরত থাকলে এই এলাকার মানুষের অভাব-অনটন দূর হবে। আমি যখনই জেলে গিয়েছি, আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর পাশে থেকেছেন। আজ আমরা তার এলাকায় এসেছি। আমার পূর্বপুরুষ এখনও এই এলাকায় বসবাস করেন। এই এলাকার উন্নয়নে যা প্রয়োজন, আমি তা করব ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীমসহ অনেকে।
পরে পোনামাছ অবমুক্ত উদ্বোধন করেন নেত্রকোনা ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।







