জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর রেলস্টেশন এলাকার রেলওয়ের দোকানঘরের ভাড়া পাঁচ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ভাড়া পুনর্নির্ধারণ না হলে রেলওয়েকে ভাড়া না দেওয়াসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে তিলকপুর বণিক সমিতির ব্যানারে স্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত মানববন্ধনে দেড় শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ী অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভাড়া কমানোর দাবিতে রেলওয়ের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি। তাই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের দোকানঘরের ভাড়া প্রতি বর্গফুট ১৫ টাকা ছিল। তবে ২০২৫ সালের ৮ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের ভূমি শাখার এক প্রজ্ঞাপনে তিলকপুর স্টেশন এলাকার খোলা দোকানঘরের ভাড়া প্রতি বর্গফুট ৮০ টাকা নির্ধারণ করা হয়। এতে প্রতি বর্গফুটে ৬৫ টাকা বা পাঁচ গুণের বেশি ভাড়া বেড়েছে। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে বলে দাবি করেন তারা।
তিলকপুর বণিক সমিতির সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা কিংবা উপজেলা পর্যায়ের অনেক স্টেশনেও এত বেশি ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ ইউনিয়ন পর্যায়ের তিলকপুর স্টেশনে একবারেই প্রতি বর্গফুটে ৬৫ টাকা বাড়ানো হয়েছে। আমরা রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। ভাড়া পুনর্নির্ধারণ না হলে আমরা ভাড়া পরিশোধ করব না। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, আমরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করি। রেলওয়ে ভাড়া বাড়ালে দোকান মালিকরাও আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবেন। এতে ব্যবসা পরিচালনা ও সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন তিলকপুর বণিক সমিতির সভাপতি আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রুস্তম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির সদস্য আজাহার আলী দুলু, সমিতির সদস্য ও বিএনপি নেতা মামুনুর রশিদ এবং জামায়াত নেতা ও সমিতির সদস্য নজরুল ইসলাম।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম ভূঞা বলেন, ব্যবসায়ীদের দাবি কর্তৃপক্ষের নজরে এসেছে। দোকানঘরের ভাড়া হ্রাসের বিষয়টি বর্তমানে কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে।





