• ই-পেপার

দাউদকান্দিতে প্রতিপক্ষের হামলায় আহত মকবুল মারা গেছেন

আমতলীতে জনতার হাতে ডাকাত আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে জনতার হাতে ডাকাত আটক
আটক মো. ফকির

বরগুনার আমতলীতে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতা ফকির (২৭) নামে এক সন্দেহভাজন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ জুন) ভোর রাত ৪টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকায়।

পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ৭-৮ সদস্যের একটি দল মহিষকাটা বাজারের দক্ষিণ পাশে বেশ কয়েকটি বসতবাড়ি টার্গেট করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মো. ফকির নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত ফকিরকে তাদের হেফাজতে আমতলী থানায় নিয়ে আসে। আটক ডাকাত মো. ফকিরের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামে। তার বাবার নাম মো. রাসেল ফকির।

রবিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে আটক মো. ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সঙ্গে থাকা সহযোগীদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

ওই ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার ডাকাত ফকিরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হুসাইন বলেন, জিজ্ঞাসাবাদে মো. ফকির ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন এবং তার সঙ্গে কারা কারা জড়িত ছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

নওগাঁ

মাদরাসার আবাসিক ভবনের পেছনে মিলল শিক্ষার্থীর মরদেহ

নওগাঁ প্রতিনিধি
মাদরাসার আবাসিক ভবনের পেছনে মিলল শিক্ষার্থীর মরদেহ
প্রতীকী ছবি

নওগাঁ সদর উপজেলার পার নওগাঁর একটি মাদরাসার পাশ থেকে আব্দল্লাহ আল নিরব (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দুপুরে শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসার এতিমখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল নিরব পাবনা জেলার আটঘরিয়া থানার চাঁদভা গ্রামের রুবেল হোসেনের ছেলে। সে ওই মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মাদরাসা সূত্রে জানা যায়, নিরব ওই মাদরাসার এতিমখানায় আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকত। গতকাল রাতে মাদরাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিল সে। সেখান থেকে তার সহপাঠীরা রাত ১০টার দিকে তাকে আসতে বললেও সে আসেনি। পরে তার সহপাঠীরা এসে ঘুমিয়ে পড়ে। সকালে মাদরাসার আবাসিক ভবনের পেছনে স্থানীয়রা নিরবের লাশ পড়ে থাকতে দেখে। এরপর তারা মাদরাসা কর্তৃপক্ষ ও থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বলেন, নিরব আমাদের মাদরাসায় লেখাপড়া করত এবং এতিমখানায় থাকত। সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় এসে এ ঘটনা জানতে পারি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের চন্দনাইশে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর হাশিমপুর এলাকার মোহাম্মদ নাছিরের ছেলে মো. ফয়সাল (২৬) ও একই এলাকার মো. ইউনুচের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, চন্দনাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এ দায়ের মামলায় ওই দুই যুবক অভিযুক্ত। অভিযানে ধর্ষণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার যুবকদের চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হামলায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বাড়ির এক বৃদ্ধাকে মারধর করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে ধলেশ্বরী নদীপথে ট্রলারে পালিয়ে যায় ডাকাতরা।

রবিবার (২৮ জুন) ভোরে ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রতিবেশী গিয়াস উদ্দিন (৪৮) এবং ওই বাড়ির সদস্য বিউটি আক্তার (৬৫)।

ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ভোর রাতে ১৪ থেকে ১৫ জনের মুখোশধারী ডাকাত ট্রলারে করে ধলেশ্বরী নদীপথে এসে তার বাড়িতে প্রবেশ করে। নিচতলার কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এক পর্যায়ে তার মা বিউটি আক্তার চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে চাইলে ডাকাতরা তাকে মারধর করে।

তিনি আরো জানান, ডাকাতরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এ সময় প্রতিবেশী গিয়াস উদ্দিন এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ে। একটি গুলি তার কাঁধে বিদ্ধ হয়। পরে ডাকাতরা ট্রলারে করে ধলেশ্বরী নদীপথে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গিয়াস উদ্দিনের কাঁধে বিদ্ধ শর্টগানের একটি বল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। মারধরে আহত বিউটি আক্তারকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা নদীপথে ট্রলারে করে এসে একই পথে পালিয়েছে। ঘটনাস্থল থেকে শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।