খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রফিকুল ইসলাম মানিক (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গল্লামারীর আইডিয়াল নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।
আহত রফিকুল ইসলাম মানিক নগরীর সোনাডাঙ্গা থানার দারুস সালাম মহল্লার রোস্তম আলীর ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ব্যক্তিরা মানিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
মানিকের মা জানান, প্রায় ১৫ দিন আগে ভিডিও কলে তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। তিনি বলেন, ‘আমার ছেলে একজন ব্যবসায়ী। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল বলে আমি জানি না। হঠাৎ করেই এ ঘটনা ঘটল।’
স্বজনরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, গুলিবিদ্ধ রফিকুল ইসলাম মানিক বিভিন্ন থানার একাধিক মামলার আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।




