• ই-পেপার

নেত্রকোনা

আর্জেন্টিনা-জর্দান ম্যাচের সময় বিদ্যুৎ না থাকায় অফিস ভাঙচুর

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে এক মা ও তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।

রবিবার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্রসমাজের ব্যানারে উপজেলা থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি, স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অন্যরা।

বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, ‘আমরা আমাদের মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

রাজধানীতে ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
রাজধানীতে ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে পাবনার যুবলীগ নেতা মো. সাদ্দাম শেখকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম শেখ পাবনা জেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের নূরালী শেখের ছেলে। তিনি আমিনপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামের একটি সংগঠনের আমিনপুর থানা শাখার সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, সাদ্দাম শেখ আশুলিয়ার জামগড়া এলাকায় আত্মগোপনে থেকে রাজধানীসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও নেতৃত্ব দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম শেখ সম্প্রতি ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর তাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এলাকায় সহিংসতা ছড়ানোর চেষ্টার অভিযোগে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অনুদানের তালিকায় দুই জায়গায় এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

নড়াইল সংবাদদাতা
অনুদানের তালিকায় দুই জায়গায় এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম থাকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এরই মাঝে ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে আতাউর রহমানের সই এক বিজ্ঞপ্তিতে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

উল্লেখ্য, আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ব্যক্তির নামে অনুদান প্রণয়ন করা হয়। অনুদানের তালিকায় দুই জায়গায় সংসদ সদস্যের মেয়ের নাম রয়েছে। এমন একটি তালিকা শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা অনুদান মঞ্জুরিপত্রে উপকারভোগীদের তালিকায় ‘ফাইজা’ নামটি দুই জায়গায় রয়েছে। এক জায়গা বাবার নামের স্থানে মো. আতাউর, অন্য এক স্থানে মো. বাচ্চু নাম উল্লেখ করা হয়েছে।

সংসদ সচিবালয়ের হিসাব শাখা থেকে ১৪ জুন জারি করা চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নথি অনুযায়ী, নড়াইল সদর উপজেলার অনুদানপ্রাপ্তদের তালিকায় ২১ জনের নাম উল্লেখ করা হয়। তার মধ্যে সংসদ সদস্যের নিজ গ্রাম থেকে ৯ জনের নাম এবং তার শশুরবাড়ির ইউনিয়ন লাহুড়িয়া থেকে ৭ জনের নাম দেওয়া হয়েছে। দুই জায়গায় পৃথকভাবে তার জন্য ১০ হাজার টাকা অনুদান বরাদ্দের উল্লেখ রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, বিগত সময়ে ঐচ্ছিক তহবিলে ৫ লাখ টাকা বরাদ্দ হয়। এ বছর ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে। হঠাৎ করে ঐচ্ছিক তহবিলের বিষয়ে আমার ব্যক্তিগত সহকারী (পিএস) আমাকে জানালেন, আজই তালিকা জমা দিতে হবে। আমি তখন বললাম তুমি সব ইউনিয়ন থেকে তালিকা নিয়ে নাও। আমার সই করা প্যাড সেখানে রাখা ছিল। সেই প্যাডে তিনি (পিএস) তালিকা প্রণয়ন করে। তালিকায় আমার চেনা-জানা জায়গাগুলো দিয়ে দিয়েছে।

তিনি বলেন, বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জানার পর উপজেলা নির্বাহী অফিসারকে বললাম, এ টাকা এসেছে কিনা। তিনি বললেন, টাকা এসেছে। তখন উপজেলা নির্বাহী অফিসারকে বললাম, তালিকায় যে নাম এসেছে, সেই নামে তো দিতে পারব না। দিতে হবে ভিন্নভাবে। আমি তো এমন না, আমার সন্তানের নামে টাকা নিতে হবে। আমি নতুন তালিকা প্রনয়ণ করেছি, সেই তালিকা অনুযায়ী টাকা দেওয়া হবে।

গলাচিপায় স্কুল ফিডিংয়ে মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় স্কুল ফিডিংয়ে মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

উপজেলা প্রশাসনের কারণ দর্শানোর নোটিশের পরও পটুয়াখালীর গলাচিপায় স্কুল ফিডিং কর্মসূচিতে মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে উদ্বেগ এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

শিক্ষকদের অভিযোগ, আগেও একই ধরনের ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভবিষ্যতে এমন ভুল হবে না বলে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু মাস না পেরোতেই আবারও মেয়াদোত্তীর্ণ রুটি সরবরাহ করা হয়েছে।

গলাচিপা পৌর এলাকার সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেরিন সাগর জানান, শনিবার রুটি গ্রহণের সময় খোলা প্যাকেটের রুটিতে ২৯ জুন ২০২৬ পর্যন্ত মেয়াদ উল্লেখ থাকায় তিনি তা গ্রহণ করেন। পরে বন্ধ কার্টন খুলে দেখেন, বেশ কিছু রুটির গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ২৬ জুন ২০২৬ লেখা রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তিনি বিতরণ বন্ধ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানান। পরে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেয়াদোত্তীর্ণ তারিখযুক্ত রুটিগুলো ফেরত নিয়ে যান। তবে এখন পর্যন্ত নতুন রুটি সরবরাহ করা হয়নি।

ডাকুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম বলেন, তাদের বিদ্যালয়ে দুই দিনের জন্য ৩৪৪টি রুটি দেওয়া হয়। এর মধ্যে ৪৪টি রুটির মেয়াদ শেষ হয়ে গেছে। সেগুলো আলাদা করে রাখা হলেও এখনো ফেরত নেওয়া হয়নি এবং নতুন রুটিও দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের পটুয়াখালী জেলার ম্যানেজার আমজাদ হোসেন বলেন, এটি তারিখ ছাপানোর ভুল। ২৯ জুনের পরিবর্তে ভুলবশত ২৬ জুন মুদ্রিত হয়েছে। নতুনভাবে কাজ শুরু করায় এ ধরনের ভুল হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে এমন ভুল হবে না বলেও জানান তিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি একটি বিদ্যালয়ে গিয়ে দেখেছেন, কিছু রুটিতে উৎপাদনের তারিখ ২৫ জুন এবং মেয়াদ ২৬ জুন উল্লেখ রয়েছে। আবার কিছু রুটিতে ২৯ জুন পর্যন্ত মেয়াদ লেখা আছে। সরবরাহকারী প্রতিষ্ঠান প্রিন্টিং ত্রুটির কথা জানিয়েছে। তবে ২৬ জুন মেয়াদ উল্লেখ থাকা সব রুটি বিদ্যালয়গুলো থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো অপসারণ না করলে বিল পরিশোধ করা হবে না এবং ওই রুটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণও করা যাবে না।

তিনি আরো বলেন, কয়েক সপ্তাহ আগেও একই ধরনের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তখন তারা ভবিষ্যতে এমন ভুল না হওয়ার আশ্বাস দিলেও আবারও একই ঘটনা ঘটেছে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, আগের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তারা জবাবও দিয়েছে। সর্বশেষ অভিযোগটি তার জানা ছিল না। তবে শিশুদের খাবার নিয়ে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।