নির্বাচনী ইশতেহারে পিরোজপুরকে 'অর্থনৈতিক অঞ্চল' হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। দিয়েছিলেন, শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের ঘোষণাও।
নির্বাচিত হওয়ার চার মাসের মধ্যেই সেই ঘোষণা বাস্তাবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পিরোজপুরবাসী।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ প্রদানের মাধ্যমে তিনি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও ঢাকা থেকে রেল লাইন পিরোজপুর পর্যন্ত সম্প্রসারণের দাবি উত্থাপন করেন। একই দাবি নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও।
গত ১৪ জুন একনেকের সভায় পিরোজপুর সদর উপজেলায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এদিকে ১৬ জুন রেলমন্ত্রী শেখ রবিউল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার সঙ্গে পিরোজপুরে রেল যোগাযোগ স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন।
পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠিত হলে তা উপকূলীয় এ অঞ্চলের অর্থনীতিতে যুগান্তকারী গতি আনবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং মৎস্য, কৃষি ও সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ শিল্পের ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। স্থানীয় যুবসমাজ, বিশেষ করে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে রাজধানী বা বড় শহরমুখী হওয়ার প্রবণতা কমবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এই অঞ্চলে কারখানা স্থাপনে উৎসাহিত হবেন, যা সামগ্রিক মূলধন প্রবাহ বাড়াবে। পিরোজপুর ও এর আশেপাশের জেলাগুলো কৃষিপণ্য, সুস্বাদু পেয়ারা, আমড়া এবং মৎস্য সম্পদে সমৃদ্ধ। অর্থনৈতিক অঞ্চলের সুবাদে এসবের খাদ্য প্রক্রিয়াজাতকরণ (Food Processing) শিল্প গড়ে উঠবে, যা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে। পিরোজপুরের নদী ও সড়ক পথের শক্তিশালী যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে পণ্য পরিবহন অত্যন্ত সহজ হবে। উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
একই সাথে ঢাকার সাথে পিরোজপুরের রেল লাইন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। এর মাধ্যমে ঢাকা ও অন্যান্য অঞ্চলের সাথে পণ্য ও যাত্রী পরিবহন সহজ হবে, যা স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে। পিরোজপুর ও পার্শ্ববর্তী এলাকার উৎপাদিত কৃষিপণ্য এবং অন্যান্য কাঁচামাল দ্রুত ও সহজে দেশের অন্যান্য বিভাগে পাঠানো যাবে। এতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন। রেল যোগাযোগের ফলে পিরোজপুরে নতুন শিল্প-কারখানা, হিমাগার এবং পর্যটন খাতের বিকাশ ঘটবে, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।
এমপি মাসুদ সাঈদীর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী এ ঘোষণার পর পিরোজপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলার সর্বস্তরের মানুষ এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “বিগত ১৭ বছর দক্ষিণাঞ্চলের অন্যতম অবহেলিত জেলা ছিল পিরোজপুর। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্মস্থান হওয়ায় নানা ক্ষেত্রে এ জেলাকে বঞ্চনার শিকার হতে হয়েছে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সদর, নাজিরপুর ও জিয়ানগরকে উন্নয়নের সকল স্তর থেকেই বঞ্চিত করা হয়েছে। পিরোজপুরে বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। শুধুমাত্র স্থানীয় সরকারের এলজিইডি বিভাগ থেকে কোন কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, “আমি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইনশাআল্লাহ ধাপে ধাপে সবগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। আমি ব্যাক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পিরোজপুরের সমস্যাগুলোর ব্যাপারে তাকে অবহিত করেছি এবং পিরোজপুরের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেছি। তিনি আমার সব কথা গভীর মনোযোগের সাথে শুনেছেন এবং পর্যায়ক্রমে আমার দাবিকৃত বিষয়গুলো বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি অবহেলিত পিরোজপুরের প্রতি সুদৃষ্টি দিয়েছেন এবং অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও রেললাইন স্থাপনের মতো যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি পিরোজপুরের সড়ক অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়কের পূর্ণ সংস্কারের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পিরোজপুর থেকে নাজিরপুরের বৈঠাকাটার ১৭ কি.মি. রাস্তা দ্রুত সংস্কারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।”
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, “অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ পিরোজপুরের মতো দীর্ঘদিনের অবহেলিত জেলাকে বদলে দিতে পারে। একটি গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের সামগ্রিক চিত্র পরিবর্তন করা সম্ভব। এ মহৎ উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি।”
এ বিষয়ে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম বলেন, “দক্ষিণাঞ্চলের পিছিয়ে পড়া একটি জেলা পিরোজপুর। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেনি, ফলে অর্থনৈতিকভাবেও জেলা দীর্ঘদিন পিছিয়ে রয়েছে। পিরোজপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি অর্থনৈতিক জোন ও রেল যোগাযোগ স্থাপন। যা পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয় ছিল। তিনি সংসদেও বিষয়টি উত্থাপন করেছিলেন। একনেক সভায় এ দুটি প্রকল্প অনুমোদন পাওয়ায় জেলার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।”
৪নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন, “পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হলে অবহেলিত এই জনপদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অর্থনৈতিক অঞ্চলের সফল বাস্তবায়ন হলে পিরোজপুরে উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন হবে। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্যসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
পিরোজপুর সদরের স্বর্ন ব্যবসায়ী আব্দুল খালেক মুন্সি বলেন, “ছোটবেলা থেকে দেখেছি সরকার আসে, সরকার যায়; কিন্তু আমাদের এলাকার ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয় না। এবার পিরোজপুরের উন্নয়নে মাসুদ সাঈদী এমপির নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আমাদের কাছে অনেকটা স্বপ্নের মতো। অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। এজন্য পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
সংশ্লিষ্টরা মনে করছেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জেলার অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে রেল যোগাযোগ চালু হলে পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসার খরচ কমবে এবং দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পিরোজপুরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
পিরোজপুরবাসী আশা করছেন, অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রায় পিরোজপুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।