ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল সমর্থক মাহিম বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টানিয়েছিল। পরে বাতাসে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে বাঁশটি পুনরায় সোজা করার চেষ্টা করে।
এ সময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে মাহিম বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক শুভ বলেন, ‘ছেলেটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’




