দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক (আরএমজি) শিল্পের টেকসই উন্নয়ন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আরএমজি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বুধবার (১ জুলাই) রাজধানীর আম্বার গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই সংগঠনের শীর্ষ নেতারা এ বিষয়ে একমত হন। সভায় আরএমজি ক্লাব লিমিটেডের সভাপতি রেজাউল আলম মিরু এবং বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে উভয় সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।
সভায় দেশের প্রধান রপ্তানিমুখী এই খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, উদ্ভাবনভিত্তিক শিল্পায়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হলে শিল্পসংশ্লিষ্ট সংগঠন, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। একই সঙ্গে নতুন প্রযুক্তি গ্রহণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণাভিত্তিক শিল্প সম্প্রসারণের ওপর জোর দিতে হবে।
বৈঠকে টেক্সটাইল শিল্প উদ্যোক্তা এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সম্প্রসারণ, নতুন বাজার অনুসন্ধান এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
দুই সংগঠনের নেতারা মনে করেন, শিল্পবান্ধব নীতিগত পরিবেশ গড়ে তোলা এবং খাতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে দুই সংগঠন ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে।
সংশ্লিষ্টরা আশা করছেন, দুই শীর্ষ সংগঠনের এই কৌশলগত সহযোগিতা দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ ও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।