পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় অর্থনীতিতে তৈরি পোশাক খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ করাও জরুরি। শিল্পের প্রয়োজন একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ দুটিতে ভারসাম্য বজায় রেখে সমস্যা সমাধান করতে হবে।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, পরিবেশগত সহজতর করতে বিজিএমইএর প্রস্তাবগুলো ইতিবাচক। ব্যাবসায়িক প্রয়োজনে শিল্পের দরকার আছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ জরুরি। দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে এই সমস্যাগুলোকে পর্যায়ক্রমে সমাধান করা হবে। বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিদল ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’-এর প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং পরিবেশগত কমপ্লায়েন্সের ক্ষেত্রে বেশ কিছু নিয়মতান্ত্রিক জটিলতা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তাঁরা জানান, বর্তমান ইটিপি কালার প্যারামিটারগুলো বিদ্যমান অবকাঠামো দিয়ে অর্জন করা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন। তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন শিল্প প্রবৃদ্ধি নিশ্চিতে এসব সমস্যা সমাধান প্রয়োজন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার, অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমইএ সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা এবং কিংসলের সিইও মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।