২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ এখনো দর্শকের কাছে প্রিয় ছবিগুলোর একটি। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ছবিটির সিক্যুয়াল নিয়ে আসবেন নির্মাতা রাজকুমার হিরানি। তবে সেটার অগ্রগতি নিয়ে কিছু জানা যাচ্ছিল না। এবার মুখ খুললেন এই নির্মাতা। এক সাক্ষাৎকারে জানালেন, ‘কলেজ জীবনের সেই তরুণ ছাত্ররা এখন আর তরুণ বয়সে আটকে নেই, তারা জীবনের এক অন্য কঠিন সময়ের মুখোমুখি। যেমন হয়ে থাকে বাস্তব জীবনে। এক কথায় আগের চরিত্রগুলোর ২০ বছর পরের ঘটনা নিয়ে হবে ছবিটি।’
তিনি আরো বলেন, “এবার র্যাঞ্চো-ফারহান-রাজুকে মাঝবয়সের সংকট বা ‘মিড-লাইফ ক্রাইসিস’ এর মধ্য দিয়ে যেতে দেখা যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন, পরিবার ও ক্যারিয়ারের যে নতুন চাপ তৈরি হয়, কিভাবে মানুষ সেই চাপ সামলায়, বা নির্বিকার থাকে সেটাই দেখানো হবে। এই ছবি মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই কেবল ব্র্যান্ড ভ্যালুকে ব্যবহার করতে চাই না, কোনো সস্তা উপায়ে অর্থ উপার্জনের জন্য নতুন পর্ব বানাব না। এখন চিত্রনাট্যর কাজ চলছে। আমির খানকেও প্রাথমিক খসড়াও দেখানো হয়েছে।”