• ই-পেপার

ফাঁসির বাকি ১৫ ঘণ্টা, ছেলের খুনিকে নিঃশর্ত ক্ষমা করলেন বাবা

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক
যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৫
ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও ইসরাইলি হামলা হয়েছে। গত রাত থেকে আজ ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়- জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের আরব সালিম গ্রামে ইসরাইলি বাহিনীর দুই দিক থেকে চালানো হামলায় তিনজন নিহত হয়েছেন। দেইর আল-জাহরানি পৌর এলাকায় আরেকটি হামলায় নিহত হন আরো একজন। আরেকটি ঘটনায় দেইর গ্রামের পূর্ব প্রবেশপথে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতেও একজন নিহত হয়েছেন।

আল-নুমাইরিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় একাধিক বাড়ি ধ্বংস হয়েছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি যুদ্ধবিমান কাফর গোজ গ্রামে একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর মাত্র আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে একই এলাকায় আরেকটি ভবনেও হামলা চালানো হয় এবং সেটিও ধ্বংস হয়ে যায়। এছাড়া কফার রিমান, নাবাতিয়েহ আল-ফাওকা, শুকিন, হাব্বুশ, জেবদিন, সাজদ এবং মাহমুদিয়াহ গ্রামেও একাধিক হামলার খবর পাওয়া গেছে। এদিকে নাবাতিয়েহ শহরের রাহবাতে এলাকা এবং আশপাশে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

এসব হামলা এমন সময় হয়েছে যখন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ফলে নতুন করে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ লেবাননে।


 

অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে
ছবি : রয়টার্স।

অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বার্ড ফ্লুর এইচ৫এন১ স্ট্রেইনটি প্রথমবারের মতো সেখানে শনাক্ত হয়েছে। এর অর্থ হলো, এই অত্যন্ত সংক্রামক প্রজাতিটি এখন প্রতিটি মহাদেশে পৌঁছে গেছে। শনিবার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি পরিযায়ী সামুদ্রিক পাখি `ব্রাউন স্কুয়ার' মধ্যে রোগটি শনাক্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম অনুসারে, পাখিটিকে পার্থ থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৪ মাইল) দক্ষিণ-পূর্বে এস্পেরান্স শহরের কাছে কেপ লে গ্র্যান্ড ন্যাশনাল পার্কের একটি সৈকতে পাওয়া গেছে। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ যেখানে এইচ৫এন১ বার্ড ফ্লু স্ট্রেইনটির সন্ধান পাওয়া যায়নি।

এই স্ট্রেইনটি হাঁস-মুরগি এবং বন্য পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই রোগের কারণে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। কলিন্স একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই জানতাম যে আমরা চিরকাল বার্ড ফ্লু-মুক্ত থাকতে পারব না।’

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর আরও একটি সন্দেহজনক ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, এস্পেরান্সের একটি সৈকতে ক্লান্ত অবস্থায় একটি সাউদার্ন পেট্রেল পাখি পাওয়া গেছে, যা বার্ড ফ্লুতে আক্রান্ত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তবে কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ব্যাপক হারে পাখির মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাতীয় সম্প্রচারকারী সংস্থা এবিসির প্রতিবেদনে বিপন্ন প্রজাতি বিষয়ক কমিশনার ফিওনা ফ্রেজার জানান, অস্ট্রেলিয়ার অন্যান্য প্রাণীগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কয়েক দিনের মধ্যেই নিশ্চিত তথ্য জানাতে পারবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান পশুচিকিৎসা কর্মকর্তা বেথ কুকসন জানান, এই পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। এ কারণে জরুরি পশুরোগ বিষয়ক কমিটি শনিবার বৈঠকও করেছে। গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়ার দূরবর্তী হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জে বার্ড ফ্লুর এইচ৫এন১ ধরন শনাক্ত হয়।

এ সপ্তাহে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে হার্ড দ্বীপের ১৭ হাজার সীল শাবকের মধ্যে প্রায় ১৩ হাজারই এইচ৫এন১ সংক্রমণে মারা গেছে। অর্থাৎ, পুরো দলের ৭৫ শতাংশেরও বেশি শাবক মারা পড়েছে। গবেষকরা পেঙ্গুইনের মধ্যেও প্রত্যাশার তুলনায় বেশি মৃত্যুর ঘটনা লক্ষ্য করেছেন।

বিজ্ঞানীদের ধারণা, প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ফরাসি নিয়ন্ত্রিত ক্রোজে দ্বীপপুঞ্জ থেকে পরিযায়ী পাখির মাধ্যমে গত আগস্টে এই দ্বীপগুলোতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে।

বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত রোগ, যা মূলত পাখিদের আক্রান্ত করে। তবে কিছু ক্ষেত্রে এটি শিয়াল, সীল ও উদবিড়ালের মতো অন্যান্য প্রাণীর মধ্যেও ছড়াতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে বন্য পাখিদের মধ্যে যে ধরনের বার্ড ফ্লু সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে, সেটি হলো এইচ৫এন১ ভাইরাস। এই ভাইরাসটি ১৯৯০-এর দশকের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হয়।

পরিযায়ী পাখিদের মাধ্যমে এই রোগ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং গৃহপালিত ও বন্য পাখিদের মধ্যে সংক্রমণ ঘটায়। খুব কম ক্ষেত্রে, আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এলে মানুষও এই ভাইরাসে সংক্রমিত হতে পারে।


 

যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগান পেলেন রাজকীয় বাসভবনে থাকার প্রস্তাব

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগান পেলেন রাজকীয় বাসভবনে থাকার প্রস্তাব
ছবি : রয়টার্স

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল আগামী মাসে সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যেতে পারেন। এই সফরের সময় তাদের থাকার জন্য রাজপরিবারের একটি বাসভবন ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হ্যারি ও মেগানের (সাসেক্সের ডিউক ও ডাচেস) সঙ্গে থাকবেন তাদের দুই সন্তান। ছেলে আর্চির বয়স সাত বছর এবং মেয়ে লিলিবেটের বয়স পাঁচ বছর। চার বছর পর এই প্রথম পুরো পরিবার একসঙ্গে যুক্তরাজ্য সফরে যাচ্ছে। বিবিসি নিউজ জানিয়েছে, রাজপরিবারের একটি এস্টেটে পরিবারটির থাকার ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত হ্যারি ও মেগান সেই প্রস্তাব গ্রহণ করবেন কি না, তা জানাননি। পরিবারটির জন্য কোনো রাজকীয় বাসভবন নির্ধারণ করা হয়েছে, সেটিও প্রকাশ করা হয়নি। ফলে তারা কোথায় থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। এর আগে যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তাজনিত কারণে প্রিন্স হ্যারি বাকিংহাম প্যালেসে থাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার মতে, বিশ্বের সবচেয়ে পরিচিত ভবনগুলোর একটি হওয়ায় সেখানে থাকা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে।

আগামী মাসে যুক্তরাজ্যে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রিন্স হ্যারির। এসব অনুষ্ঠান আয়োজন করা হবে ইনভিক্টাস গেমসকে ঘিরে। আহত ও অসুস্থ সামরিক সদস্যদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার পরবর্তী আসর আগামী বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে। সেই আয়োজন শুরুর এক বছর বাকি থাকা উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

রাজপরিবার থেকে দূরে সরে যাওয়ার পরও হ্যারি ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন। গত বছর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাজপরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি চান এবং তিনি একটি ‘পুনর্মিলন’ দেখতে চান। রাজা তৃতীয় চার্লস শেষবার সরাসরি তার নাতি-নাতনি আর্চি ও লিলিবেটকে দেখেছিলেন ২০২২ সালে। সে সময় যুক্তরাজ্যে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপন চলছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য সফরের সময় প্রিন্স হ্যারি তার বাবা রাজা চার্লসের সঙ্গে ক্লারেন্স হাউসে সাক্ষাৎ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর সেটিই ছিল বাবা-ছেলের প্রথম সরাসরি বৈঠক।

তবে আসন্ন সফরে রাজা চার্লস তার ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের সঙ্গে দেখা করবেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বাকিংহাম প্যালেস। তাদের ভাষ্য, এটি পরিবারের ব্যক্তিগত বিষয়। এদিকে সফরের সময় কী ধরনের নিরাপত্তাব্যবস্থা থাকবে, সেটিও এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, বাকিংহাম প্যালেস থেকে আলাদা কোনো নিরাপত্তা সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়নি। অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে হ্যারি ও তার পরিবারের সফরকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা কী হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ডোমিনিকান রিপাবলিকে বিলাসবহুল রিসোর্টে আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক
ডোমিনিকান রিপাবলিকে বিলাসবহুল রিসোর্টে আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু
ছবি : রয়টার্স

ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বিলাসবহুল সমুদ্রতীরবর্তী রিসোর্ট প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি রাষ্ট্র। শুক্রবার (১৯ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় এক হাজার ৭০০ পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনে একজন ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন পর্যটক আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ক্ষতিগ্রস্ত রিসোর্টটি হলো ভিভা ডোমিনিকাস বিচ বাই উইন্ডহাম, যা দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় পর্যটনকেন্দ্র বায়াহিবেতে অবস্থিত। এটি দেশি-বিদেশি, বিশেষ করে মার্কিন পর্যটকদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে প্রায় এক হাজার ৬৯০ জন পর্যটককে রিসোর্ট থেকে অন্য হোটেল ও নিকটবর্তী আবাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও তদন্ত করা হচ্ছে।

দেশটির জরুরি কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রবল বাতাস এবং রিসোর্টের ছাদের একটি অংশ খড় দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।তবে ভিভা উইন্ডহামের পাশের রিসোর্ট ডোমিনিকাস প্যালেস আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।