• ই-পেপার

ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

ক্রীড়া ডেস্ক
দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম
দক্ষিণ কোরিয়ার ফুটবল সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সমর্থকরা। ছবি: এক্স

‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’—ক্ষুব্ধ জনতার মাথার ওপর ভাসতে থাকা প্ল্যাকার্ডের লেখাটিই যেন পুরো পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছিল।

অনেক প্রত্যাশা নিয়ে ফিফা বিশ্বকাপে খেলতে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু দেশবাসীর প্রত্যাশার চাপেই কি না দলটি চিড়েচ্যাপ্টা হয়ে ফিরেছে। বাজে পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

দল দেশে ফেরার পর রাজধানী সিউলের ইনচন বিমানবন্দরের বাইরে কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলেতে দেন আল্টিমেটাম। 

সমর্থকরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিলেন প্রধান কোচ হং মিয়ং-বোর ওপর। তাদের একাংশ ‘হং আউট’ স্লোগান দেন, এমনকি কেউ কেউ তাকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত কথা শুনিয়ে দেন। 

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এরই মধ্যে পদত্যাগ করেছেন হং মিয়ং-বো। দলের ভরাডুবি দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ুং গুরুত্ব সহকারে তদন্তের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের মতে, যোগ্যতার পরিবর্তে পক্ষপাতিত্ব ও ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়াতেই এমন পরিণতি হয়েছে।

হং মিয়ং-বো একসময় দক্ষিণ কোরিয়ার ফুটবলের বড় তারকা ছিলেন। ঘরের মাঠে ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ কোরিয়া। সেই দলের অধিনায়ক ছিলেন হং মিয়ং-বো। পরে কোচ হিসেবেও বয়সভিত্তিক দলে সাফল্য পান। কিন্তু ২০২৪ সালে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়।

সমর্থকদের বড় একটি অংশের অভিযোগ ছিল, হং মিয়ং-বোকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নয়; বরং ব্যক্তিগত সম্পর্কের কারণে নিয়োগ দেওয়া হয়েছে। 

অনেকের দাবি, কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে হং মিয়ং-বোকে পছন্দ করতেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কেএফএ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

বিতর্ক আরো বাড়ে যখন কেএফএর কোচ নির্বাচন কমিটির সাবেক সদস্য ও সাবেক ফুটবলার পার্ক জু-হো অভিযোগ করেন, কোচ নিয়োগের নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার দাবি, অন্য প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হয়নি। কেএফএ তার বক্তব্য প্রত্যাখ্যান করলেও অনেক সমর্থক এবং কিংবদন্তি ফুটবলার পার্ক জি-সুং তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

পরবর্তীতে সরকারি এক নিরীক্ষা প্রতিবেদনে কোচ নিয়োগ ও আগের কোচকে বরখাস্ত করার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির কথা উঠে আসে। তদন্তে কেএফএর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়। তবে আইনি প্রক্রিয়ার কারণে সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও আসরের সহ-আয়োজক মেক্সিকোর কাছে হেরে বিদায় নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের রক্ষণাত্মক কৌশল এবং আক্রমণে কার্যকর পরিকল্পনার অভাব নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত। অনেকের মতে, কোচ হং মিয়ং-বো সন হিউং-মিনের সামর্থ্যকে ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। ম্যাচগুলোতে সনকে অনেক সময় একা লড়াই করতে হয়েছে, পর্যাপ্ত সমর্থন পাননি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সন সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চান। তিনি লেখেন, ‘সমর্থকদের হতাশার অনুভূতি আমি বুঝতে পারছি। এই বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন।’

দক্ষিণ কোরিয়ায় ফুটবলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি বেড়েছিল ২০০২ বিশ্বকাপের পর। কিন্তু এরপর দীর্ঘ সময়ে দেশটি ধারাবাহিকভাবে উন্নতি করতে পারেনি। 

বিপরীতে প্রতিবেশী দেশ জাপান পরিকল্পিতভাবে নিজেদের ফুটবলকে এগিয়ে নিয়েছে। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়েও তারা অনেক এগিয়ে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলকে তারা কঠিন পরীক্ষায় ফেলেছিল। 

বিশেষজ্ঞদের মতে, জাপান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, একই দর্শনে দল গঠন এবং উপযুক্ত কোচিংয়ের মাধ্যমে শক্তিশালী ভিত তৈরি করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় নিয়মিত কোচ বদলে যাওয়ায় স্থায়ী ফুটবল দর্শন গড়ে ওঠেনি।

এ কারণে অনেক সমর্থকের বিশ্বাস, শুধুমাত্র কোচ পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। তারা চান কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনে স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে বড় ধরনের সংস্কার আনা হোক। তাদের আশা, এবারের ব্যর্থতা দক্ষিণ কোরিয়ার ফুটবলে প্রয়োজনীয় পরিবর্তনের পথ তৈরি করবে।

বিশ্বকাপে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার অভিযোগ, জবাব দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার অভিযোগ, জবাব দিলেন স্কালোনি
আর্জেন্টিনার সুবিধা পাওয়ার অভিযোগের জবাব দিয়েছেন স্কালোনি। ছবি : রয়টার্স

পাড়া-মহল্লার খেলায় একটা কথা প্রায়ই শোনা যায় তারা ‘কমিটির দল’। কমিটির দল বোঝাতে তাদেরই বলা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে বিশেষ সুবিধা পাওয়ার। সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে এই ট্যাগ আর্জেন্টিনার নামের পাশে।

টুর্নামেন্টে আলবিসেলেস্তারা বিশেষ সুবিধা পায় বলে অভিযোগ করে অনেকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার মাত্রা বেড়ে গেছে। সেই বিশেষ সুবিধা নিয়ে এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল। স্কালোনি এসব অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট দিতে পারে। ছোট বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমার মতে, এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’

স্কালোনি আরও বলেছেন, ‘সামাজিক মাধ্যম এমনই। তবে এর ভালো দিকও আছে। দুর্ভাগ্যবশত খারাপ অর্থেই বলছি—যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এক সেকেন্ডের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না।’

এসব থেকে মুক্তি পাওয়ার সমাধানও দিয়েছেন স্কালোনি। আজ রাত ৪ টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-য়ের ম্যাচ খেলতে নামার আগে ৪৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘একমাত্র সমাধান হলো সামাজিক মাধ্যমে না থাকা। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আলজেরিয়ার অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আলজেরিয়ার অধিনায়ক
আলজেরিয়ার জার্সিতে আর দেখা যাবে না রিয়াদকে। ছবি : রয়টার্স

ভ্যাঙ্কুভারে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজেছে আলজেরিয়ার। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে। দলের বিদায় নিশ্চিত হতেই অধিনায়কও আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রিয়াদ মাহরেজ। ভ্যাঙ্কুভারে সুইসদের বিপক্ষে বিশ্বকাপে খেলা ম্যাচটি আলজেরিয়ার হয়ে তার শেষ ম্যাচ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে ৩৫ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।’

 

২০১৪ সালে আর্মেনিয়ার বিপক্ষে অভিষেক হয় রিয়াদের। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে আলজেরিয়ার হয়ে ১১৯ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির সাবেক উইঙ্গার। সঙ্গে সহায়তা করেছেন ৪৫ গোলে। এবারের বিশ্বকাপে ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি।

জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান

ক্রীড়া ডেস্ক
জার্মানির কোচের পদ ছাড়লেন নাগেলসমান
জার্মানির ডাগআউটে আর দেখা যাবে না নাগেলসমানকে। ছবি : রয়টার্স

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায় নিশ্চিত হওয়ার পর ইউলিয়ান নাগেলসমান জানিয়েছিলেন, আমি পালিয়ে যাওয়ার মানুষ নই, কাজ চালিয়ে যেতে চাই। 

নাগেলসমানের সেই চাওয়া পূরণ হয়নি। জার্মানির কোচের পদ ছেড়ে দিতে হয়েছে তাকে। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী কোচ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। আনুষ্ঠানিকভাবে এখনো অবশ্য কোনো পক্ষই জানায়নি। তার স্থলাভিষিক্ত হতে পারেন ইয়ুর্গেন ক্লপ এমনটি শোনা যাচ্ছে।

 

২০১৪ বিশ্বকাপ জেতার পর থেকেই ফুটবলের সর্বোচ্চ আসরে কঠিন সময় পার করছে জার্মানি। এবার শেষ ৩২-এ নিলেও আগের দুই আসরে তো গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই আক্ষেপ ঘোচানোর দায়িত্ব ছিল নাগেলসমানের কাঁধে। কিন্তু ৩৮ বছর বয়সী কোচের অধীনে দুর্দশা আরো বেড়েছে প্যারাগুয়ের কাছে ৪-৩ ব্যবধানে পেনাল্টিতে হেরে।

তারই শাস্তি হিসেবে কোচের পদ ছাড়তে বাধ্য হলেন নাগেলসমান। ২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছিলেন তিনি। জার্মানির সঙ্গে তার ৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের জুলাইয়ে। কিন্তু অর্ধেকের বেশি মেয়াদ থাকার আগেই তাকে চাকরি ছাড়তে হলো। এ সময় তার অধীনে ৩৭ ম্যাচ খেলেছে জার্মানি। ২৩ জয়ের বিপরীতে সমান পরাজয়-ড্র ৭টি করে।