নরওয়ে ১-০ আইভরি কোস্ট (প্রথমার্ধ শেষে)
ছোটবেলা থেকেই নেইমার জুনিয়রকে অনুসরণ করেন এবং ব্রাজিলিয়ান তারকাকে নিজের আদর্শ মানেন আন্তোনিও নুসা। তাকে এখন ‘নরওয়েজীয় নেইমার’ নামে ডাকা হয়।
২১ বছর বয়সী এই নুসার দুর্দান্ত গোলেই আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল নরওয়ে।
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ভেতর ঢুকে বাঁ পাশ থেকে বাঁকানো শটে আইভরি কোস্টের জাল কাঁপান নুসা। গোল উদযাপনও করেন নেইমারের মতো করে।
তবে নরওয়ে এগিয়ে গেছে খেলার ধারার বিপরীতে। প্রথমার্ধ দেখে থাকলে যে কেউ বলবেন, ভালো খেলেছে আইভরি কোস্ট; কিন্তু গোল পেয়েছে নরওয়ে।
আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শীর্ষ ১০ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন নরওয়ের কোচ স্তল সোলবাকেন। আজ প্রত্যাশিতভাবেই আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথসহ সব বড় তারকা ফিরেছেন। কিন্তু প্রথমার্ধে তাদের সেরা ছন্দে পাওয়া যায়নি।
আইভরি কোস্টের জমাট রক্ষণ বলতে গেলে হালান্ডকে নিষ্ক্রিয় বানিয়ে রেখেছিল। শুধু নিজেদের রক্ষণ সামলানোই নয়; নরওয়ের কাছ থেকে কয়েক দফা বল কেড়ে নিয়ে গোছালো আক্রমণে উঠেছে আইভরি কোস্ট। কিন্তু গোলটা পাওয়া হয়নি।
উল্টো বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগে নরওয়ে সমর্থকদের মনে স্বস্তির সুবাস বইয়ে দেন আন্তোনিও নুসা।




