এক যুগ পর নকআউটে সুযোগ পেয়েছিল জার্মানি। তাতে মনে হচ্ছিল এবার দারুণ কিছু করবে। দারুণ কিছু তো দূরে থাক গতকালই শেষ হয়েছে তাদের বিশ্বকাপযাত্রা। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।
অবশ্য জয়ের খুব কাছেই গিয়েছিল জার্মানি। ১০২ মিনিটে জোনাথন টাহর গোলটি ভিএআরে বাতিল না হলেও হাসিমুখেই মাঠ ছাড়ত তারা। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক চললেও ম্যাচ হারার পর কোনো অজুহাত খুঁজচ্ছেন না অধিনায়ক জশুয়া কিমিখ। তার মতে, যোগ্য দল হিসেবে জিততে পারি নাই আমরা। নিজেদেরই কাঠগড়ায় তুলেছেন তিনি।
ম্যাচ শেষে কিমিখ বলেছেন, ‘দিনশেষে, মাঠের খেলোয়াড় তো আমরাই। প্যারাগুয়ের মতো প্রতিপক্ষকে হারানোর মতো যোগ্যতা এবং আকাঙ্ক্ষা—দুটোই আমাদের থাকা উচিত ছিল। সম্মান রেখেই বলছি, যেহেতু আপনি বিষয়টি উল্লেখ করলেন—সবচেয়ে বাজে পারফর্ম করা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে তারা পরের রাউন্ডে উঠেছে কি না তা আমার জানা ছিল না। তবে আমাদের নিজেদের অন্তত এই এমনটা থাকা উচিত ছিল আমরা ম্যাচটি জিতব।’
গোল বাতিল হওয়ায় অজুহাত খোঁজা উচিত নয় জানিয়ে কিমিখ বলেছেন, ‘আজকের ম্যাচে রেফারি কিংবা টাইব্রেকারে দোষ দেওয়ার কথা কারও মাথায় আসাই উচিত নয়। আপনি যদি ১২০ মিনিট খেলেও জয় না পান তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াই আপনার প্রাপ্য। এমন প্রতিপক্ষের বিপক্ষে ভাগ্যের ওপর ভরসা রাখতে পারেন না। স্পষ্ট ব্যবধানে হারানোর মতো যথেষ্ট মান ও যোগ্যতা খেলোয়াড়দের মধ্যে থাকা উচিত ছিল।’
অধিনায়ক হিসেবে এমন বিদায় মানতে পারছেন না কিমিখ। জার্মান ডিফেন্ডার শৈশবের স্মৃতি স্মরণ করে বলেছেন, ‘ভয়াবহ। এটা মোটেও ভালো কোনো অনুভূতি নয়। শৈশবে যখন দলের খেলা দেখতাম, তখন সব সময়ই সেমিফাইনাল, ফাইনাল খেলত কিংবা বিশ্বচ্যাম্পিয়ন হতো। অর্থাৎ সব সময়ই দারুণ সব সাফল্য পেত আরকি। যা জাতীয় দলের প্রতি আপনার ভালোবাসা ও আবেগ তৈরি করে দেয়। দেশের মানুষ আর ছোট ছোট বাচ্চাদের আমরাও ঠিক এই জিনিসটাই উপহার দিতে চাই। কিন্তু আরো একবার আমরা সেই উদ্দীপনা জাগিয়ে তুলতে ব্যর্থ হলাম। মাঠে এমন একটা দল হয়ে খেলতে পারলাম না, যার সাথে মানুষ নিজেদের মেলাতে পারে। দিনশেষে, সাফল্যটাই আসল কথা। সবকিছু শুধু মুখে ভালো ভালো বলাই সব নয়।’
হারের দায় নিজেদের কাঁধে নিয়ে কিমিখ বলেছেন, ‘আট বছরে আপনি নিজের ভূমিকা ও দায়িত্বে আরো পরিপক্ব হবেন, এটাই সত্যি। এ কারণেই অধিনায়ক হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা আরো বেশি পোড়াচ্ছে। যখন আপনার কাঁধে বিশাল এক দায়িত্ব থাকে। সেই দায়টা অনুভব করছি। আমরা যারা মাঠে ছিলাম সাধারণভাবে সবারই এই দায়বদ্ধতা অনুভব করা উচিত। অন্য কারো ওপর দোষ চাপানোর চেষ্টা না করে। দিনশেষে, আমরাই সব কিছু ভেস্তে দিয়েছি। কারণ প্রতিপক্ষকে হারাতে পারিনি।’