নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং শব্দ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শাহবাগ এলাকায় মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক, ট্রাফিক আইন মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং পথচারী ও সাধারণ মানুষের মাঝে নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এবং শব্দ দূষণ বর্তমানে নগর জীবনের অন্যতম বড় সমস্যা। অসচেতনভাবে যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য করা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনায় বসুন্ধরা শুভসংঘ কদমতলী থানা শাখার সভাপতি মো. আইনুল রহমান ও সাধারণ সম্পাদক সোহান আহমেদের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় আবদুল হান্নান মিলটন বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে আমরা একটি নিরাপদ ও স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তুলতে পারি।’
তিনি আরো বলেন, ‘শব্দ দূষণ একটি নীরব ঘাতকের মতো কাজ করছে। এর ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
কদমতলী থানা শাখার সভাপতি মো. আইনুল রহমান বলেন, ‘তরুণদের অংশগ্রহণ ছাড়া নিরাপদ সড়ক আন্দোলন সফল হতে পারে না। আমরা চাই সচেতন নাগরিক হিসেবে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুক।.
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীদের নিয়ে নিরাপদ সড়ক গঠন এবং শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতামূলক শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যরা ট্রাফিক আইন মেনে চলা, অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকা এবং অন্যদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রমনা থানা শাখার সভাপতি আশিক আহমেদ, ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাবিব, কদমতলী থানা শাখার সহ-সভাপতি সাদিয়া তাবাস্সুম, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা মেহজাবিন, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন ও রাফসান আহমেদ রিফাত, ধর্ম বিষয়ক সম্পাদক রানা হোসেন ও লিজা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকরা, মনির হোসেন ও সোনালী আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি হোসেন ও রাতুল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক জিসান আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাওন আহম্মেদ, পাঠাগার ও বিতর্ক বিষয়ক সম্পাদক জিনিয়া আক্তার এবং শিশু ও নারী কল্যাণ বিষয়ক সম্পাদক আল-আমিন সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা নিরাপদ সড়ক ও শব্দ দূষণমুক্ত বাংলাদেশ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।







