যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রিয়েলটি ব্ল্যাকস্টোনের মালিকানাধীন তিনটি ডেটা সেন্টারে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের (প্রায় ৪৩,১৯২ কোটি ১০ লাখ বাংলাদেশি টাকা) অংশীদারিত্ব কিনছে।
সোমবার (২৯ জুন) এ চুক্তির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। খবর প্রকাশের পর প্রাক-বাজার লেনদেনে ডিজিটাল রিয়েলটির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়।
মঙ্গলবার (৩০ জুন) সিএনবিসির এক প্রতিবেদন এ তথ্য দেয়।
চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ১ দশমিক ২ বিলিয়ন ডলার নগদ (১৪,৮০৮ কোটি ৭২ লাখ বাংলাদেশি টাকা) এবং ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের (প্রায় ২৮,৩৮৩ কোটি ৩৮ লাখ বাংলাদেশি টাকা ) শেয়ার দেবে। তিনটি ডেটা সেন্টারের মোট মূল্য ধরা হয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার (প্রায় ৯৬,২৫৬ কোটি ৬৮ লাখ টাকা)।
ডিজিটাল রিয়েলটি ভার্জিনিয়ার মানাসাসে থাকা দুটি ৯৬ মেগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টারে ব্ল্যাকস্টোনের ৮০ শতাংশ অংশীদারিত্ব কিনবে। এছাড়া স্টার্লিংয়ের আরেকটি ৯৬ মেগাওয়াট ডেটা সেন্টারে ৫০ শতাংশ অংশীদারিত্ব নেবে।
প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ কর্মকর্তা গ্রেগ রাইট বলেন, এই চুক্তি ব্ল্যাকস্টোনের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের নতুন ধাপ। এর মাধ্যমে উচ্চমানের ও সম্পূর্ণ ভাড়ায় পরিচালিত ডেটা সেন্টারের মালিকানা আরো বাড়বে।
ডিজিটাল রিয়েলটি বিশেষ করে ভার্জিনিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াতে চায়। অঞ্চলটি বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টার বাজার হিসেবে পরিচিত।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, দুটি ডেটা সেন্টার ২০২৭ সালের প্রথমার্ধে এবং আরেকটি ২০২৮ সালের প্রথমার্ধে পূর্ণ সক্ষমতায় পরিচালনায় আসবে।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএলএলের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকায় বর্তমানে নির্মাণাধীন ডেটা সেন্টারের ৯২ শতাংশ সক্ষমতা আগেই গ্রাহকদের কাছে বরাদ্দ হয়ে গেছে। ফলে ২০৩০ সাল পর্যন্ত এই খাতে খালি সক্ষমতা কমই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বিশ্লেষকদের মতে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামোয় বিপুল বিনিয়োগ করায় ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ছে। সেই সুযোগ কাজে লাগাতেই বড় ধরনের বিনিয়োগ করছে ডিজিটাল রিয়েলটি।





