দীর্ঘদিনের প্রেম, এরপর জাঁকজমকপূর্ণ বিয়ে। ভারতের টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা ও অভিনেতা গৌরব খান্না। তবে নয় বছরের সেই দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা। অবশেষে বিচ্ছেদের খবর নিজেই নিশ্চিত করেছেন আকাঙ্ক্ষা।
নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন অভিনেত্রী।
একটি গোপন তথ্য জানাতে বলা হলে তিনি বলেন, ‘আমি এবং গৌরব ডিভোর্স নিচ্ছি। গত এক বছর ধরে আমরা আলাদা থাকছি। বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।’
তবে সম্পর্কের ইতি টানলেও তাদের মধ্যে কোনো তিক্ততা নেই বলে জানান আকাঙ্ক্ষা।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খারাপ নয়। এখনও আমরা একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু আমরা বুঝেছি, জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ ভাবনা এক নয়। তাই সঙ্গী হিসেবে আমরা একে অপরের জন্য উপযুক্ত নই।’
২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা। বিয়ের পর দীর্ঘদিন টেলিভিশন অঙ্গনের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। বিভিন্ন সময় একে অপরের কাজ ও ক্যারিয়ারে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন এই তারকা জুটি।
তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। ‘বিগ বস’-এর ১৯তম আসরে অংশ নিয়ে গৌরব খান্না জানিয়েছিলেন, সন্তান নেওয়ার বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি সন্তান চাইলেও আকাঙ্ক্ষা মা হতে আগ্রহী নন। ভালোবাসার বিয়ে হওয়ায় স্ত্রীর সিদ্ধান্তকে তিনি সম্মান করেন বলেও জানিয়েছিলেন।

যদিও চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আকাঙ্ক্ষা। সে সময় টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাদের দাম্পত্যে কোনো সমস্যা নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
একই সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। আকাঙ্ক্ষার ভাষায়, ‘আমি নিজেকে মা হিসেবে কল্পনা করি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ জন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।’
এদিকে বর্তমানে নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লুক আপ’-এর দ্বিতীয় মৌসুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন আকাঙ্ক্ষা চামোলা। এই আসরে তার সঙ্গে রয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশী, সুনিতা আহুজা, ধীরাজ ধোপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, সুফি মতিওয়ালাসহ আরও অনেক তারকা।






