চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছে রবিউল হোসেন নামক এক যুবক। এসময় গৃহবধূ চিৎকার করলে পালিয়ে যায় সে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় জেলে বিপ্লব দাশ সাগরে মাছ শিকারে গেলে গভীর রাতে তার ঘরে ঢুকে যায় রবিউল হোসেন নামক এক যুবক।
ঘরে ঢুকেই বিপ্লবের স্ত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে তিনি চিৎকার শুরু করলে পালিয়ে যায় ওই যুবক।
উপজেলার বাড়বকুণ্ড জেলেপাড়ার ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী বিপ্লব মাছ ধরতে সাগরে যাওয়াতে বসতঘরে একা ঘুমাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে রবিউল হোসেন নামে পাশের গ্রামের এক ব্যক্তি ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে গোপনে ভিডিও করে। এক পর্যায়ে সে গলায় চুরি ধরে শরীরের কাপড় টানাটানি করতে থাকে। এসময় বলতে থাকে এ ঘটনা থানা পুলিশকে জানালে গোপনে ধারণকৃত ভিডিও প্রকাশ করে দেবে।
কিন্তু গৃহবধূ চিৎকার শুরু করলে অবস্থা বেগতিক দেখে ঘর থেকে বের হয়ে চলে যায়। এসময় একটি মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে যায় রবিউল।
ওই গৃহবধূর স্বামী বিপ্লব দাশ বলেন, বৃহস্পতিবার আমি মাছ ধরতে গেলে আমি ঘরে নেই নিশ্চিত হয়ে পার্শ্ববর্তী এলাকার রবিউল রাতে আমার ঘরে ঢুকে। পরে গলায় ছুরি ধরে আমার স্ত্রীর শ্লীলতাহানি করে, তাকে ধর্ষণের চেষ্টা করে।
গতকাল শুক্রবার সকালে সাগর থেকে ঘরে আসলে স্ত্রীর মুখে বিস্তারিত শুনে থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।




