বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হলে একদল চোরাকারবারি মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বাহিনী কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে।




