• ই-পেপার

এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো : গয়েশ্বর

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাবো : গয়েশ্বর
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অনেকেই ভোটের মাধ্যমে বেহেশতের টিকিট বিক্রি করেছিল। এখন তাদের অলিতে-গলিতেও আর দেখা যায় না। মানুষকে ধোঁকা দেওয়া একটি বড় ধরনের অপরাধ। তাই আসুন, আমরা সবাই দেশকে ভালোবেসে বাংলাদেশকে বেহেশতে রূপান্তর করি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা-৩ আসনের জিনজিরা ঈদগাহ মাঠে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কিছু সমস্যা সমাধানযোগ্য, আবার কিছু সমস্যা সহজে সমাধান করা যায় না। অনেক দুর্ভোগ আমাদের নিজেদের তৈরি। আমরা যদি অসচেতন থাকি, তাহলে দুর্ভোগ আমাদের ছাড়বে না। তাই সচেতন হয়ে পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলার মানুষ এখন ঢাকায় বসবাস করছেন। তাদের আচার-আচরণ ও জীবনধারা ভিন্ন হওয়ায় সবাইকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এদের একটি অংশের কারণে মাদকের বিস্তার ঘটছে। মাদক নিয়ন্ত্রণে কেরাণীগঞ্জ বিএনপির অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।

গয়েশ্বর বলেন, সমাজের কিছু দায়িত্ব জনগণকেও নিতে হবে। জনগণ দায়িত্বশীল না হলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু প্রশাসনের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাসও দেন তিনি।

এ সময় কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকারাম হোসেন সাজ্জাদ, আশরাফ আজাদ হোসেন, মুজাহিদ ইসলাম মামুনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি
পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

পাবনার আটঘরিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়াম রাস্তা পার হচ্ছিল। সে সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজমুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিসা সরকার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরের কাচিঝুঁলি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত তিসার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকায়। তার বাবার নাম উত্তর সরকার ও মায়ের নাম মনি সরকার। দুই বছর আগে তিসা ময়মনসিংহের আলমগীর মুনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। এরপর থেকে তিনি ময়মনসিংহ নগরের কাচিঝুঁলি মসজিদ রোড এলাকার একটি বহুতল ভবনে ছাত্রী মেসে বসবাস করতেন। 

ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম বলেন, আমাদের ধারণা, তিসা সরকার আত্মহত্যা করেছেন। তারপরও মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা শোকে কাতর থাকায় এ বিষয়ে বেশি কথা বলার সুযোগ হয়নি।


 

পাবনায় আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনায় আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়ক ও রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কি করে রাজনীতি করার সাহস দেখায়? আগামীতে চাটমোহরের কোথাও যদি আওয়ামী লীগ উঁকি দেওয়ার চেষ্টা করে তাদের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি। আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিএনপি আপনাদেরকে শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধান, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব এবং মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনিসহ প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার (১ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়ে। পরে সেখানে গিয়ে কাউকে না পেয়ে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় মূলগ্রাম ইউনিয়ন বিএনপি।