জার্মানির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্টাম সিস্টেমস নতুন করে ১২০ কোটি ডলার (১.২ বিলিয়ন) যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪,৭৯৪ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। এই অর্থ দিয়ে কম্পানিটি এআইভিত্তিক স্বয়ংক্রিয় ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদন এবং গবেষণা আরো বাড়ানোর পরিকল্পনা করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসির বরাতে এক প্রতিবেদনে কম্পানিটি এ তথ্য জানায়।
নতুন এই বিনিয়োগের পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ডলার (৮ বিলিয়ন) যা বাংলাদেশি প্রায় ৯৮,৬২৪ কোটি টাকা হয়েছে।
কোয়ান্টাম সিস্টেমস এমন ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নির্দিষ্ট কাজ করতে পারে। এসব ড্রোন স্থল, আকাশ ও সমুদ্রে নজরদারি, তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হয়।
কম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-প্রধান নির্বাহী ফ্লোরিয়ান সাইবেল বলেন, ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা হবে স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর। বিভিন্ন ধরনের ড্রোন ও সামরিক ব্যবস্থা একসঙ্গে কাজ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। সেই লক্ষ্যেই তারা নতুন প্রযুক্তি তৈরি করছেন।
কোম্পানিটি জানায়, নতুন পাওয়া অর্থ দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়ানো, সরবরাহব্যবস্থা আরো শক্তিশালী করা, মিত্র দেশগুলোতে কার্যক্রম সম্প্রসারণ এবং সফটওয়্যার ও এআই প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করা হবে।
বর্তমানে বিশ্বজুড়ে প্রতিরক্ষা প্রযুক্তি খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে। বিশেষ করে এআইচালিত ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্র ও সামরিক সফটওয়্যার তৈরিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান ডিলরুম জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত এই খাতে ১৭৪০ কোটি ডলার যা বাংলাদেশি প্রায় ২,১৪,৫০৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। গত বছর এ খাতে মোট বিনিয়োগ ছিল ১১২০ কোটি ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৩৮,০৭৩ কোটি টাকা।
কোয়ান্টাম সিস্টেমসের প্রযুক্তি ইতিমধ্যে ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে। কম্পানিটির দাবি, ২০২৫ সালে তাদের ড্রোন ব্যবহার করে সেখানে ১৯ হাজারের বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রোমানিয়া ও বাল্টিক অঞ্চলে কম্পানিটির উৎপাদন ও কার্যক্রম রয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আরো দ্রুত সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।




