মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুর ৩টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
নিহতরা হলো, সৌরভ (১৭) এবং নাঈম (১৭)। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। সৌরভ এ বছর দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে ভর্তি হয়েছিল। আর নাঈম পেশায় একজন ওয়াইফাই সংযোগ কারিগর ছিলেন। আহত মোটরসাইকেল আরোহীর নাম সাব্বির (২৫)। তিনি একই গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানিয়েছেন, দুই তরুণকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





