• ই-পেপার

জিয়ানগর

পল্লী বিদ্যুতের ২ কর্মকর্তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, উদ্ধার প্রায় ১৫ লাখ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, উদ্ধার প্রায় ১৫ লাখ
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় এক সিকিউরিটি গার্ডকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. আইয়ুব আলী (৫৬) কক্সবাজারের বাসিন্দা। তার কাছ থেকে চুরি হওয়া ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুন দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম ও কালেকশন বুথ বন্ধ করে নিরাপত্তাকর্মীরা খাবার খেতে যান। পরে বিকেলে টাকা গণনার সময় এক হাজার টাকার নোটের ১৭টি বান্ডেল নিখোঁজ পাওয়া যায়।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথ খুলে টাকাগুলো সরিয়ে নিচ্ছেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলার তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় রংপুরে আত্মগোপনে থাকা আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

নান্দাইলে মাদকাসক্তদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়ে সাইনবোর্ড

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে মাদকাসক্তদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়ে সাইনবোর্ড
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বিভিন্ন মহল্লায় মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি কয়েকজন কথিত মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর এবার মাদকাসক্তদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

রবিবার (২৮ জুন) ভোরে নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার একটি দোকানের বারান্দায় টাঙানো একটি সাইনবোর্ডে লেখা দেখা যায়, ‘নেশা যদি করতে চাও, নান্দাইল থানা ছেড়ে চলে যাও।’ সাইনবোর্ডে প্রচারকারী হিসেবে ‘দক্ষিণ চণ্ডীপাশা ৮ নম্বর ওয়ার্ড জুলাই যোদ্ধা অফিস’-এর নাম উল্লেখ থাকলেও এলাকায় এমন কোনো অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চণ্ডীপাশা মহল্লায় মাদকের ব্যবসা চলে আসছে। সহজলভ্য মাদকের কারণে এলাকার অনেক তরুণ ও যুবক নেশায় জড়িয়ে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ তাদের।

এর আগে পৌরসভার দশালিয়া মহল্লায় কথিত মাদক কারবারি ইদ্রিস আলী, আবদুল কাদির এবং চারকান্দা গ্রামের সুজন মিয়ার বসতবাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। এছাড়া গারুয়া গ্রামের উজ্জ্বল মিয়া নামের আরেক কথিত মাদক কারবারির বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এদিকে গত ২৫ জুন অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। কোথাও মাদকসংক্রান্ত তথ্য পাওয়া গেলে স্থানীয়দের থানায় জানাতে তিনি আহ্বান জানান।

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

গাইবান্ধায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প জানায়, ভুক্তভোগী কিশোরী গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে একই এলাকার আহসান হাবিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। কিশোরী প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিষয়টি তার পরিবার জানতে পেরে আসামির পরিবারকে অবহিত করে।

পরবর্তীতে আসামির পরিবার বিয়ের প্রস্তাব পাঠালেও আহসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক অভিযোগ থাকায় কিশোরীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩১ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামনাথের ভিটা মন্ডলপাড়ায় চাচার বাড়ি থেকে বের হওয়ার সময় কিশোরীকে একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কুমিল্লা

সাবেক কমিশনার বাছির উদ্দিন বিমানবন্দরে গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
সাবেক কমিশনার বাছির উদ্দিন বিমানবন্দরে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারের সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। রবিবার (২৮ জুন) ভোরে দুবাই থেকে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাছির উদ্দিন দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। তিনি পৌরসভার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা, ছাব্বির হত্যা ও আবু বক্কর হত্যাচেষ্টা মামলার এজহারনামীয় আসামি বাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুলছাত্র সাব্বিরকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিমানবন্দর থানা পুলিশ বাছিরকে গ্রেপ্তারের পর আমাদের জানিয়েছে। খবর পেয়ে তাকে আনতে থানা পুলিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।