চট্টগ্রামের হাটহাজারীতে খেলনা রিভলভার, দেশি ধারালো অস্ত্রসহ চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।
আটকরা হলেন উপজেলার আমান বাজার এলাকার বাসিন্দা ফয়সাল ইসলাম জিহাদ (১৭) এবং নতুনপাড়া এলাকার বাসিন্দা আরিফুল হক ওরফে বাদশাহ (১৯), হাসান মুরাদ (১৮) ও ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নসহ আশপাশের এলাকায় গার্মেন্টসকর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে চার যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার, একটি রামদা, দুটি ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা আটক চারজনকে মারধর করার চেষ্টা করলে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করে চারজনকে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।




