ছুটির দিনেও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২৭ জুন) তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের সুযোগ-সুবিধা নিয়ে খোঁজ নেন।
আরো পড়ুন
বুয়েটের আবাসন সমস্যার দ্রুত সমাধান করা হবে : শিক্ষামন্ত্রী
রোগীদের উদ্দেশে মাসুদ সাঈদী বলেন, ‘সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।’
ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে পাশে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরো উন্নত হবে। পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিদ্যমান সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি হাসান শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শনের আগে সকালে মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত একটি তামাকবিরোধী সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এরপর তিনি বাগেরহাট ও পিরোজপুর জেলা সংযোগকারী একটি ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন।
বিকেলে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে একটি গণসংবর্ধনা দেওয়া হয়। এমপি মাসুদ সাঈদী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।