পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ মো. আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টেম্পু আলম উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর বিশুতলা এলাকার মৃত খবির প্রামানিকের ছেলে। তিনি পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক খাঁ হত্যাচেষ্টা মামলার অজ্ঞাতপরিচয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে টেম্পু আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাকশী ইউনিয়নের রূপপুর এলাকায় তার বসতবাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি তলোয়ার এবং দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেক খাঁর ওপর গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী ও তার পরিবার।
এদিকে, গত বুধবার সংবাদ সম্মেলন করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান আব্দুল খালেক খাঁ।
ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।





