• ই-পেপার

পটুয়াখালীতে বিপুল ইয়াবা-নগদ অর্থসহ আটক ১

নৌ-পুলিশের অভিযানে ১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮

নিজস্ব প্রতিবেদক
নৌ-পুলিশের অভিযানে ১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮
সংগৃহীত ছবি

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে (১৯ জুন-২৫ জুন) দেশব্যাপী পরিচালিত নৌ পুলিশের বিভিন্ন অভিযানে ১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত দিনের অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ির রেণু, ৩০০ কেজি কাঁকড়া এবং ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এ ছাড়া নদী থেকে ১০৫টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, এসব অভিযানে ১৮৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০৪টি মৎস্য আইন, ১৭টি বেপরোয়া গতি, ৩টি বালুমহাল, ৩টি মাদক, ৩টি চাঁদাবাজি, ২টি ডাকাতি, ১টি চুরি এবং ৪টি হত্যা মামলাসহ মোট ১৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপিতে বলা হয়, জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা মাছের রেণুপোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রামুতে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বজনদের

রামু(কক্সবাজার) প্রতিনিধি
রামুতে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বজনদের
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছৈয়দ হোছন (৪৯) নামে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

নিহত ছৈয়দ হোছন খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টেংগাডেবা রাবেতা, কালারপাড়া এলাকার মোজাফফরের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম এবং তাদের দুই সন্তানকে থানায় নেওয়া হয়েছে।

নিহতের ছোট ভাই এনামুল হক অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরকীয়াজনিত কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

নিহতের বড় ভাই আব্দুস ছালাম বলেন, “আমার ভাই দীর্ঘদিন বিদেশে ছিলেন। সে সময় তার স্ত্রীর সঙ্গে আমার ছোট বোনের স্বামী আকতার কামালের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। এ কারণে আমরা তাকে সন্দেহ করছি।”

তদন্তকারী কর্মকর্তা এসআই রাহুল রায় বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২
সংগৃহীত ছবি

নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামজার ছেলে জামাল উদ্দিন (২৫) এবং একই ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আবুল হোসেন ওরফে রাহাত (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। চুরি করা এসব সরঞ্জাম দক্ষিণ ফুলজান নগরের সেলিমের বাড়িতে এনে ট্রান্সফরমার ভেঙে তামা আলাদা করা হতো বলে অভিযোগ এলাকাবাসীর। পরে ওই তামা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল নামে এক ব্যক্তির নির্দেশে বিভিন্ন এলাকা থেকে মালামাল চুরি করে এনে তার কাছে হস্তান্তর করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।

চরজব্বার থানার ওসি তদন্ত দেবাশীষ সরকার বলেন, ‘স্থানীয়রা হাতেনাতে দুই ব্যক্তিকে ট্রান্সফরমারের তামার তারসহ আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাট

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ ক্যাম্পেইনে উপজেলার প্রায় ১৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সরদার তানভীর মাহমুদ অনিক, মেডিকেল কর্মকর্তা ডা. মো. শাহরিয়া শামিম, ডা. আমিন উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো. কামাল হোসেনসহ স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা।

সভায় জানানো হয়, উপজেলার ১৯৩টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।