• ই-পেপার

জয়পুরহাটে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতের আঁধারে কার্পেটিংয়ে ক্ষোভ

‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’

অনলাইন ডেস্ক
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’

গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের এক শিশুকে পানিভর্তি বালতিতে চুবিয়ে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে কালীগঞ্জ থানায় এসে ইসরাত জাহান শীম (১৪) নামের এক কিশোরী ডিউটি অফিসারের কাছে দাবি করে, ‘আমি শিশু আরিশাকে বালতির পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন।’

পুলিশ সূত্রে জানা যায়, ইসরাত জাহান শীম কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার রাজপাড়া গ্রামের আবু কালামের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
 
থানার ডিউটি অফিসার জোনাকি তাকে ঘটনার কারণ জানতে চাইলে শীম জানায়, তার মা ছোট্ট আরিশাকে বেশি আদর করতেন। এ ছাড়া শিশুটি বারবার তার কাছে বিস্কুট চাইছিল। এর বাইরে নিহত শিশু কিংবা তার পরিবারের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না বলেও দাবি করে সে।
 
শীমের ভাষ্য অনুযায়ী, ‘আমি ঘরের ভেতরে ছিলাম। বাইরে এসে দেখি আরিশা টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে আছে। সেখানে একটি খালি বালতি ছিল। পরে আমি বালতিটি পানি দিয়ে ভরে তাকে পা ধরে উল্টো করে প্রায় পাঁচ মিনিট পানিতে চুবিয়ে রাখি।’
 
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
নিহত আরিশা আক্তার (২) রাজবাড়ী জেলার সদর উপজেলার বাসিন্দা আকাশ শেখের মেয়ে। তার বাবা-মা গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন এবং ভাড়া বাসায় বসবাস করতেন।

আরিশার মা জানান, ঘটনার সময় তিনি ও তার স্বামী ঘরে বসে স্বামীর চাকরি নিয়ে সমস্যা হওয়া একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টিউবওয়েলের পাশে থাকা একটি বালতির মধ্যে শিশুটিকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম মেয়েটি হয়তো গোসল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। পরে পুলিশ এসে জানায়, বাড়িওয়ালার মেয়ে থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করেছে।’
 
শিশুটির বাবা আকাশ শেখ বলেন, আমি কিছু সময়ের জন্য কারখানায় গিয়েছিলাম। ফিরে এসে দেখি আমার মেয়ে ও বাড়িওয়ালার মেয়ে একসঙ্গে খেলছে। এমনকি সে আমার মেয়েকে টোস্ট বিস্কুটও খেতে দিয়েছিল। পরে ঘরে চলে যাই। প্রায় আধা ঘণ্টা পর মেয়েকে আনতে বললে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির ভেতরে তাকে পাওয়া যায়।
 
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ইমরান হোসেন জানান, দুপুর ১টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।
 
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত কিশোরীর বক্তব্যসহ সব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাজিতে হেরে দুধ দিয়ে গোসল, ‘সাম্বা শিবিরে’ আর্জেন্টিনা সমর্থক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বাজিতে হেরে দুধ দিয়ে গোসল, ‘সাম্বা শিবিরে’ আর্জেন্টিনা সমর্থক
ছবি: কালের কণ্ঠ

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা যেন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। প্রিয় দলের জয়-পরাজয়কে ঘিরে চলে নানা বাজি, চ্যালেঞ্জ আর মজার সব প্রতিশ্রুতি।

এমনই এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের এক আর্জেন্টিনা সমর্থক। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদিনগর গ্রামের বাসিন্দা কামরুল হাসান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় পায়, তাহলে তিনি আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হয়ে যাবেন।

শনিবার (২০ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিলে নিজের ঘোষণা থেকে সরে যাননি কামরুল। বন্ধুদের উপস্থিতিতে গ্রামের একটি খোলা জায়গায় দুধ দিয়ে গোসল করেন তিনি। এরপর গা থেকে খুলে ফেলেন আর্জেন্টিনার জার্সি, আর গায়ে তোলেন ব্রাজিলের হলুদ জার্সি। পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপের উত্তাপের মাঝে মিরসরাইয়ের এই ‘দুধ স্নান’ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছে। ফুটবলপ্রেমীদের কাছে ঘটনাটি হয়ে উঠেছে বিশ্বকাপ উন্মাদনার এক ব্যতিক্রমী উদাহরণ।

কামরুল হাসান বলেন, ব্রাজিলকে খোঁচা দিতেই মজার ছলে এমন ঘোষণা দিয়েছিলাম। ভেবেছিলাম তারা হয়ত জিতবে না। কিন্তু ব্রাজিল জিতে গেছে, তাই নিজের কথার মর্যাদা রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলেও আমি বিষয়টি বেশ উপভোগ করছি।

কামরুলের বন্ধু ও ব্রাজিল সমর্থক ফাইয়াজ রিয়াজ বলেন, কামরুল বলেছিল, ব্রাজিল ম্যাচ জিতলে সবার সামনে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে ব্রাজিলে যোগ দেবে। ম্যাচ শেষে আমরা তাকে ডেকে এনে প্রতিশ্রুতি অনুযায়ী দুধ দিয়ে গোসল করাই এবং ব্রাজিলের জার্সি পরিয়ে দিই। এখন সে ব্রাজিলের সমর্থক।

তিনি আরো বলেন, ব্রাজিল অনেক বছর ধরে বিশ্বকাপ জিততে না পারলেও শৈল্পিক ফুটবলের অন্যতম পথপ্রদর্শক দল। তাই আমরা সবসময় ব্রাজিলের পাশেই আছি।

ঈশ্বরগঞ্জে আ. লীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে আ. লীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) ঈশ্বরগঞ্জ সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ।

বক্তব্যে বিএনপি নেতা এ কে এম হারুন অর রশিদ বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে কুৎসা রটনা করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা নিজের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির মালামাল সরিয়ে তার দায় বিএনপি ও বর্তমান সরকারের ওপর চাপানোর পাঁয়তারা করছে। কিন্তু আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আমরা বিষয়টি প্রথমে আপনাদের অবগত করলাম। ভবিষ্যতে এ ফ্যাসিস্টদের এসব অপতৎপরতা রুখে দিতে প্রস্তত ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা মনি বলেন, বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে নিষিদ্ধ ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে তাহলে আমরা আর ছাড় দেব না।

এসময় উপজেলা বিএনপি সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর-রশীদ, যুগ্ম আহ্বায়ক শরীফ জায়েদী, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী, সুজন,  ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদে রিজনসহ বিভিন্ন নেতারা।

গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো একই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতঘরের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এক পর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে একই বাড়ির বেলাল নামের এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। এরপর বাড়ির লোকজনের সহায়তায় দুই বোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।