• ই-পেপার

বাগানজুড়ে থোকায় থোকায় রসালো আঙুর

চাচাতো ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক ভাইয়ের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
চাচাতো ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ গেল আরেক ভাইয়ের
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে  চাচাতো ভাইয়ের আকস্মিক মৃত্যুর শোক সইতে না পেরে প্রাণ হারালেন আরেক ভাই। 

শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরতপুর (মল্লিকপাড়া) গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের নীরেন্দ্র মল্লিক (৪৫) এবং তার চাচাতো বড় ভাই পল্লী চিকিৎসক দিগেন্দ্র মালাকার (৬০)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন ব্যবসায়ী  নীরেন্দ্র মল্লিক। স্বজনরা তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। কান্নার শব্দে নিহতের চাচাতো ভাই দিগেন্দ্র মালাকার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকেও একই অ্যাম্বুলেন্সে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্বীয় অনন্ত মালাকার  বলেন, এমন মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। নীরেন্দ্রর মৃত্যুর খবর শুনে আমরা যখন সবাই স্তব্ধ, ঠিক তখনই দিগেন্দ্র দাদাও আমাদের ছেড়ে চলে গেলেন। একই রাতে, একই অ্যাম্বুলেন্সে করে আধা ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের এভাবে চলে যাওয়াটা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে।

নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, পাথরঘাটার ওসি প্রত্যাহার
ওসি মো. এনামুল হক। সংগৃহীত ছবি

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা এক নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) স্বাক্ষরিত ওই পত্রে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, এসিড হামলার শিকার ফাতিমা জমাদ্দার অর্পা নামের এক নারী গত ২০ মে আদালতের নির্দেশে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ৯ মে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এসিড নিক্ষেপ করে বলে মামলায় অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।

ফাতিমা জমাদ্দারের অভিযোগ, মামলার প্রধান আসামি বাদশা আকনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হলেও ঘুষের বিনিময়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। বিষয়টি জানতে গত বৃহস্পতিবার সকালে থানায় যাওয়ার পথে তাঁর ওপর আবারও হামলা চালানো হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, থানায় ওসির কক্ষে প্রবেশের পর ওসি তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিশ যেন কোথাকার।’ এছাড়া তাঁর সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। এতে তিনি অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু। তিনি দাবি করেন, তাঁর সামনেই ওসি ভুক্তভোগী নারীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণে উপস্থিত সবাই বিব্রত হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি মো. এনামুল হকের সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘অভিযোগের বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাগরে ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা

মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা (বরগুনা)
সাগরে ইলিশের আকাল, খালি হাতে ফিরছেন জেলেরা
ছবি: সংগৃহীত

গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। দীর্ঘ বিরতিতে মাছের নিরাপদ প্রজনন শেষে সাগরে ইলিশের পরিমাণ বাড়বে এবং জালে প্রচুর মাছ মিলবে- এমন আশায় দলে দলে সাগরে রওনা হন জেলেরা। তবে নিষেধাজ্ঞার পর আট দিনেও মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ হয়ে প্রায় খালি হাতে ফিরতে দেখা গেছে অধিকাংশ জেলে নৌকাকে।

জেলেরা বলছেন, একটি বড় ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে গেলে সেখানে সাধারণত ১০ থেকে ১৫ দিন থাকতে হয়। প্রত্যেক  ট্রলারে ১৫ থেকে ২৫ জন মাঝি-মাল্লা থাকেন। এ সময় খাবার, বিশুদ্ধ পানি, বরফ, জ্বালানি তেল ও অন্যান্য রসদ বাবদ খরচ হয় তিন  থেকে সাড়ে তিন লাখ টাকা। একটি ট্রিপ লাভজনক করতে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার মাছ বিক্রি প্রয়োজন। কিন্তু এবার অনেক ট্রলার খরচের টাকাও তুলতে পারেনি। 

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে গিয়ে দেখা যায়, সেখানে ট্রলার ভিড়লেও নেই চিরচেনা কোলাহল। মাছ নামানোর ব্যস্ততা, আড়তদারদের হাঁকডাক কিংবা শ্রমিকদের কর্মচাঞ্চল্য অনেকটাই অনুপস্থিত। কারণ অধিকাংশ ট্রলারই ঘাটে ফিরেছে ট্রলারভর্তি ইলিশ নয়, হতাশা নিয়ে।

উপকূলীয় অঞ্চলের জেলে ও ট্রলার মালিকদের দাবি, সাগরে মাছের সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু তাদের জীবিকাই নয়, দেশের মাছভিত্তিক  অর্থনীতিও হুমকিতে পড়বে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

এদিকে, পাথরঘাটা খুচরা মাছ বাজারে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে কয়েকগুণ। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে অনেক ধরনের মাছের প্রত্যাশিত দাম।

এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক মো. আনোয়ার হোসেন বলেন,
৫৮ দিনের নিষেধাজ্ঞার পর বড় আশা নিয়ে সাগরে গিয়েছিলাম। পাঁচ থেকে সাত দিন সাগরে থেকেও কাঙ্ক্ষিত মাছ পাইনি। বাধ্য হয়ে খালি হাতেই ফিরছি। যে ট্রিপে আগে ১০ থেকে ১২ লাখ টাকার মাছ বিক্রি করতাম, এবার সেখানে খরচের টাকাও ওঠেনি।’

এই ট্রলারের মালিক আরো বলেন, ‘যখন আমরা এক ট্রিপে ১০-১২ লাখ টাকার মাছ বিক্রি করি, তখন সবাই তা শুনতে পায়। কিন্তু টানা তিন-চারটি ট্রিপ লোকসান দিলে সেই কষ্টের কথা কেউ শোনে না। ভেবেছিলাম আগের ক্ষতি পুষিয়ে নিতে পারব। কিন্তু উল্টো আরো  লোকসানের মুখে পড়ছি। এভাবে চলতে থাকলে একসময় হয়তো এই পেশা ছাড়তে হবে।’

এফবি সিফাত ট্রলারের মালিক মো. মুজিবুর রহমান কালু বলেন, ‘মাছ না পাওয়ায় জেলেদের মধ্যে হতাশা বাড়ছে। অনেকেই দাদন ও ঋণের বোঝা নিয়ে দিশাহারা।’ তিনি বলেন, গোপন সূত্রে জানতে পেরেছি, নিষেধাজ্ঞাকালে কিছু অসাধু ট্রলার মালিক ও জেলে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে সাগরে মাছ শিকার করেছেন। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা মেনে জেলেরা কর্মহীন সময় পার করেছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। আশা ছিল নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে ভালো মাছ পাবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন ইলিশের ভরা মৌসুম, অথচ সাগরে মাছের দেখা মিলছে না।’

পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘জেলেরা প্রত্যাশার তুলনায় কিছুটা কম মাছ পাচ্ছেন বলে জানতে পেরেছি। আমরাও ভেবেছিলাম নিষেধাজ্ঞার পর মাছের প্রাচুর্য বাড়বে। তবে এটি সাময়িক পরিস্থিতি হতে পারে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে সাগরে ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছের উপস্থিতি বাড়বে এবং জেলেরা ভালো আহরণ করতে পারবেন।’

মাসুদ সাঈদী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে
ছবি: কালের কণ্ঠ

ক্রীড়া ও সংস্কৃতি মানুষকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। যাতে শিক্ষার্থীরা মেধা ও মননে সমৃদ্ধ হয়ে দেশ গঠনের নেতৃত্ব দিতে সক্ষম হয়।

শনিবার (২০ জুন) পিরোজপুরের জিয়ানগরে সরকারি ইন্দুরকানী কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মাসুদ সাঈদী বলেন, শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুন্দর, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে বিদ্যমান বৈষম্য, অন্যায় ও অবক্ষয় দূর করতে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সংসদ সদস্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন থেকে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

মাসুদ সাঈদী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের কাঁধে। সততা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সরকারি ইন্দুরকানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।