নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে বিপুল কুমার সরকার (৪৩) নামে এক ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ার একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল কুমার সরকার বগুড়া থেকে বাড়িতে ফিরে কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবনের কথা তার বড় বোনকে জানান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যদের দাবি, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের চাপে মানসিক অশান্তিতে ভুগছিলেন। তাদের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






