‘কাঁঠালের রাজধানী’ হিসেবে পরিচিত গাজীপুরে শুরু হয়েছে ফল মেলা। এ মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলসহ ৩৪ রকমের ফল প্রদর্শন করা হয়। মেলার বিশেষ আকর্ষণ ছিল ৩৫ কেজি ওজনের কাঁঠাল।
শুক্রবার (১৯ জুন) গাজীপুর সদর উপজেলা চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গাজীপুরের যৌথ আয়োজনে 'ফল মেলা ২০২৬' এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ভিডিও কনফারেন্সে তথ্যমন্ত্রীকে গাজীপুরের একটি ঐতিহ্যবাহী ও বিশাল ৩৫ কেজি ওজনের কাঁঠাল প্রদর্শন করে ফলটির অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, কাঁঠালকে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে।
জেলা প্রশাসক আরও জানান, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে।
ফল মেলার গুরুত্ব তুলে ধরে গাজীপুরের তিনি বলেন, ‘ফল মেলা অত্যন্ত দরকারী একটি আয়োজন। এদেশের মানুষ আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছে। এই ফল মেলার মূল উদ্দেশ্যই হলো মানুষকে দেশীয় ফলের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া ও চেনানো; যাতে এই ফলগুলো আরও বেশি ব্যবহার হয় এবং মানুষ এগুলোর পুষ্টিগুণ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। এর পাশাপাশি যাতে করে এই ফলগুলো ব্যবহার করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্বদেশীয় ফুল, ফল ও গাছপালাকে সংরক্ষণ ও ধারণ করতে হবে। আমরা যাতে আমাদের অরিজিন বা রুটকে (শেকড়) হারিয়ে না ফেলি, সেজন্য এগুলোকে টিকিয়ে রাখা ও সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক (গাজীপুর) মো. রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস প্রমুখ উপস্থিত ছিলেন।





