• ই-পেপার

আহলে বাইত : মহানবী (সা.)–এর পবিত্র পরিবার

আজ পবিত্র কাবা শরিফ বার্ষিক ধৌতকরণ : সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি

ইসলামী জীবন ডেস্ক
আজ পবিত্র কাবা শরিফ বার্ষিক ধৌতকরণ : সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি
সংগৃহীত ছবি

আজ মুসলিম বিশ্বের সর্বাধিক পবিত্র স্থান পবিত্র কাবা শরিফ বার্ষিক ধৌতকরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনভাবে সুশোভিত হবে। এ উপলক্ষে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ অনুষ্ঠানটির পূর্ণাঙ্গ প্রস্তুতি ও কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত যত্ন, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান সম্পন্ন করা হবে, যা বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

প্রতিবছরের মতো এবারও কাবা শরিফ ধৌতকরণ কার্যক্রম সুপরিকল্পিত কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রস্তুতি পর্বে সকল প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন করা হয়। একই সঙ্গে ধৌতকরণ ও সুগন্ধিকরণের জন্য বিশেষ মিশ্রণ প্রস্তুত করা হয়। এ মিশ্রণে ব্যবহার করা হয় ১৫ লিটার পবিত্র জমজমের পানি, ১৫ লিটার তাইফের গোলাপ পানি, ১৫ লিটার গোলাপ তেল এবং ১০০ মিলিলিটার উৎকৃষ্ট মানের উদ (আগর) তেল। এ ছাড়া ধৌতকরণ চলাকালে কাবার গিলাফ সংরক্ষণের উদ্দেশ্যে দরজার আবরণের নিচের অংশ সতর্কতার সঙ্গে উপরে তুলে রাখা হয়।

এরপর শুরু হয় মূল ধৌতকরণ পর্ব। বিশেষভাবে প্রস্তুত করা কাপড়ের সাহায্যে জমজমের পানি ও তাইফের গোলাপ পানির মিশ্রণ দিয়ে কাবা শরিফের অভ্যন্তরের দেয়াল, স্তম্ভ এবং মেঝে ধুয়ে পরিষ্কার করা হয়। সবশেষে সুগন্ধিকরণ ও ধূপন পর্ব। এ সময় কাবা শরিফের ভেতরের দেয়াল ও কোণাগুলো উৎকৃষ্ট মানের উদ তেল ও আম্বর দিয়ে সুগন্ধিত করা হয়। পরে মনোমুগ্ধকর সুগন্ধি ও ধূপের সুবাসে কাবার অভ্যন্তর ভরে ওঠে। এই আধ্যাত্মিক পরিবেশ প্রতিবছর মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে নতুন আবেগ ও ভালোবাসার সঞ্চার করে।

দুই পবিত্র মসজিদের সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে ব্যবহৃত প্রতিটি উপকরণ ও সরঞ্জাম আগেভাগেই সর্বোচ্চ মান বজায় রেখে প্রস্তুত করা হয়েছে। বিশুদ্ধতা, নিরাপত্তা, গোপনীয়তা এবং সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করেই সম্পন্ন করা হবে কাবা শরিফ ধৌতকরণের এই আধ্যাত্মিক আয়োজন।

যেকোনো বিপদে যে দশ ভাবে রবের নৈকট্য লাভ হয়

ইসলামী জীবন ডেস্ক
যেকোনো বিপদে যে দশ ভাবে রবের নৈকট্য লাভ হয়
সংগৃহীত ছবি

কোনো মানুষের ওপর যদি এমন কোনো বিপদ আসে, যার আগে তার কোনো গুনাহ নেই, তাহলে বলা হয়, এটি তার ধৈর্যের পরীক্ষা এবং সওয়াবের আশায় তার মর্যাদা বৃদ্ধি করার একটি মাধ্যম। এই বিপদ কোনো গুনাহ মোচনের জন্য নাও হতে পারে; বরং এটি তার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আসে, যাতে সে ধৈর্যের মাধ্যমে ধৈর্যশীলদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে।

প্রত্যেক বিপদের মধ্যে ১০টি উপকার আছে, যার জন্য বান্দার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত—

এক. মানুষের দুর্বলতা ও আল্লাহর প্রতি মুখাপেক্ষিতার স্মরণ : আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছে রাসুলদের পাঠিয়েছিলাম। অতঃপর তাদের দারিদ্র্য ও দুঃখ-কষ্ট দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা বিনীতভাবে আমার কাছে প্রার্থনা করে।’ (সুরা : আল-আনআম, আয়াত : ৪২)

দুই. আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া : রোগ না হলে মানুষ সুস্থতার মূল্য বুঝতে পারে না। সম্পদ হারানোর অভিজ্ঞতা না হলে ধন-সম্পদের মূল্য উপলব্ধি হয় না। কারণ বিপরীত বিষয়ের মাধ্যমে জিনিসের প্রকৃত মূল্য বোঝা যায়।

তিন. ধর্মীয় উদাসীনতা ও ঘুমন্ত অবস্থা থেকে মানুষকে জাগিয়ে তোলা : আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ‘আমি অবশ্যই তাদের বড় শাস্তির আগে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাব, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : আস-সাজদাহ, আয়াত : ২১)

চার. গুনাহ ও ভুলত্রুটি মাফ হওয়া : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি বিপদে ফেলেন।’ (বুখারি, হাদিস : ৫৬৪৫)

অর্থাৎ এমন বিপদ, যা তার স্বাস্থ্যে প্রভাব ফেলে, সম্পদে ক্ষতি করে অথবা আনন্দকে দুঃখে পরিণত করে। কোনো কোনো মুসলিম মনীষী বলেন, ‘যদি বিপদ-মুসিবত না আসত, তবে আমরা কিয়ামতের দিন নিঃস্ব অবস্থায় উপস্থিত হতাম।’

পাঁচ. মর্যাদা বৃদ্ধি পাওয়া : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কখনো কখনো কোনো ব্যক্তির জন্য আল্লাহর কাছে এমন মর্যাদা নির্ধারিত থাকে, যা সে নিজের আমল দ্বারা অর্জন করতে পারে না। তখন আল্লাহ তাকে এমন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করতে থাকেন যা সে অপছন্দ করে, অবশেষে তাকে সেই মর্যাদায় পৌঁছে দেন।’ সহিহুল জামে, হাদিস : ১৬২৫)

ছয়. আত্মোপলব্ধি করা : বিপদ এলে এই চিন্তা করা যে আল্লাহ চাইলে বিপদ আরো বড় হতে পারত। তাই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। কারো কিছু সম্পদ নষ্ট হলে সে যেন আল্লাহর প্রশংসা করে যে তার সব সম্পদ নষ্ট হয়নি।

সাত. বিপদ দুনিয়ায়ই সীমাবদ্ধ থাকা : দুনিয়ার বিপদ ক্ষণস্থায়ী এবং এর প্রভাবও সীমিত। সময়ের সঙ্গে মানুষ তা ভুলে যায় বা তা সহ্য করার শক্তি পায়। কিন্তু আখিরাতের বিপদ দীর্ঘস্থায়ী, কঠিন ও অত্যন্ত ভয়াবহ।

আট. উত্তম প্রতিদান লাভ : ধৈর্য ও আল্লাহর প্রতি প্রত্যাবর্তনের কারণে উত্তম প্রতিদান লাভ করা। উম্মে সালামা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি—কোনো মুসলিম যখন কোনো বিপদে আক্রান্ত হয় এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী বলে—‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব।’ এবং বলে—‘হে আল্লাহ! আমার এই বিপদে আমাকে সওয়াব দান করুন এবং এর পরিবর্তে আমাকে উত্তম কিছু দান করুন।’ তাহলে আল্লাহ অবশ্যই তাকে এর চেয়ে উত্তম কিছু দান করেন। (মুসলিম, হাদিস : ৯১৮)

নয়. অগণিত সওয়াবের অধিকারী হওয়া : বিপদের চেয়ে তার প্রতিদান অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান অগণিতভাবে প্রদান করা হবে।’ (সুরা : আয-ঝুমার, আয়াত : ১০)

দশ. দুনিয়াকেন্দ্রিক বিপদ অপেক্ষাকৃত ভালো : এর জন্য শুকরিয়া আদায় করা উচিত যে দ্বিনের ওপর বিপদ আসেনি। এটি আল্লাহর বড় অনুগ্রহ। কারণ দুনিয়ার ক্ষতি পূরণ করা সম্ভব, কিন্তু দ্বিনের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি। রাসুলুলুল্লাহ (সা.)-এর একটি দোয়া ছিল—‘হে আল্লাহ! আমাদের দ্বিনের মধ্যে আমাদের ওপর কোনো বিপদ চাপিয়ে দেবেন না। আর দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা ও আমাদের জ্ঞানের চূড়ান্ত সীমা বানাবেন না।’ (তিরমিজি, হাদিস : ৩৫০২)

সারকথা হলো মুমিনের কাছে বিপদ শুধু কষ্টের নাম নয়; বরং তা হতে পারে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, গুনাহ মাফের কারণ, মর্যাদা বৃদ্ধির পথ এবং আখিরাতের চিরস্থায়ী সফলতার সোপান। তাই বিপদের সময় ধৈর্য, সন্তুষ্টি ও কৃতজ্ঞতার পথ অবলম্বন করাই ঈমানের সৌন্দর্য।

খিজির (আ.)-এর রহস্যময় জীবন

ইসলামী জীবন ডেস্ক
খিজির (আ.)-এর রহস্যময় জীবন
সংগৃহীত ছবি

ইসলামী ধর্ম বিশ্বাসে এক রহস্যময় ব্যক্তিত্বের নাম খিজির (আ.)। মুসলমানদের ভেতর যাঁর পরিচয়, অবস্থান ও জীবনকাল নিয়ে নানা বিশ্বাস প্রচলিত আছে। তাঁকে নিয়ে মানুষের বিশ্বাস ও কৌতূহলের যেন শেষ নেই। যেমন—খিজির (আ.) কে ছিলেন? তিনি নবী না ওলি? তিনি কি এখনো জীবিত আছেন? জীবিত থাকলে তিনি কোথায় থাকেন? অনেক বুজুর্গ ব্যক্তি তাঁর সঙ্গে সাক্ষাতের দাবি করেন, এসব দাবি সত্য? তিনি কেন আত্মপ্রকাশে আসেন না, যেন মানুষ তাঁর জ্ঞান দ্বারা উপকৃত হতে পারে? কোরআন ও হাদিসের আলোকে এসব প্রশ্নের উত্তর তুলে ধরা হলো—
বিশুদ্ধ মত হলো খিজির (আ.) কোনো নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন নেককার বান্দা বা ওলি ছিলেন। পবিত্র কোরআনে আল্লাহর এই নেক বান্দার বর্ণনা এসেছে। সুরা কাহফের বর্ণনা অনুসারে আল্লাহ খিজির (আ.)-কে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন।

তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান ও দূরদর্শিতার কারণে এমন অনেক জিনিস অনুধান করতেন পারতেন, যা সাধারণ মানুষের জন্য সাধ্যাতীত। আল্লাহর নবী মুসা (আ.) জ্ঞান আহরণের জন্য খিজির (আ.)-এর সঙ্গী হন। কিন্তু তিনি শর্তানুসারে ধৈর্য ধারণ করতে পারেননি। ফলে তাঁরা উভয়ে ভিন্ন পথ অবলম্বন করেন। (বিস্তারিত দেখুন : সুরা কাহফ, আয়াত ৬৫-৭৮)

খিজির (আ.)-এর ব্যাপারে একটি প্রচলিত বিশ্বাস হলো তিনি এখনো জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। তাঁর ব্যাপারে বিভিন্ন ধরনের ঘটনাও প্রচলিত আছে। যেমন—তাঁর সঙ্গে অমুক ব্যক্তির সাক্ষাৎ হয়েছে, তিনি অমুক ব্যক্তিকে খিরকা প্রদান করেছেন, তিনি অমুককে বর দিয়েছেন ইত্যাদি। এসব দাবির পক্ষে কোরআন-হাদিস তো দূরের কথা, গ্রহণযোগ্য কোনো ঐতিহাসিক সূত্রও পাওয়া যায় না। উম্মতের মুহাক্কিক (গবেষক ও অনুসন্ধানী) আলেমরা একমত খিজির (আ.) জীবিত নেই।

আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) তাঁর ‘আল মানারুল মুনিফ ফিল হাদিসিস সহিহ ওয়াদ-দয়িফ’ বইয়ে ভিত্তিহীন হাদিসের পরিচয় ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি জাল হাদিসের পরিচয় অংশে বলেছেন, যেসব হাদিসে খিজির (আ.)-এর জীবন নিয়ে আলোচনা করা হয়েছে তার সব মিথ্যা ও বানোয়াট। তাঁর জীবিত থাকার ব্যাপারে একটিও বিশুদ্ধ হাদিস নেই। তেমনি একটি বানোয়াট হাদিস হলো ‘একদিন রাসুলুল্লাহ (সা.) মসজিদে অবস্থান করছিলেন। হঠাৎ তাঁর পেছনে কথার শব্দ শুনলেন। মানুষ তাকিয়ে দেখলেন তিনি খিজির (আ.)।’
ইবরাহিম হারবি (রহ.)-কে খিজির (আ.)-এর জীবিত থাকার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল—তিনি কি এখনো আছেন? তিনি বলেন, মানুষের ভেতর এই বিশ্বাস শয়তানই ছড়িয়েছে। ইমাম বুখারি (রহ.)-কে খিজির ও ইলিয়াস (আ.) সম্পর্কে  জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা দুজন কি জীবিত? তিনি বলেন, সেটা কিভাবে সম্ভব? অথচ নবী (সা.) বলেছেন, ‘এক শ বছর পর এখন যারা পৃথিবীতে আছে তাদের কেউ অবশিষ্ট থাকে না।’ (বুখারি ও মুসলিম)

অসংখ্য আলেম খিজির (আ.)-এর ব্যাপারে একই উত্তর দিয়েছেন। তাঁরা দলিল হিসেবে কোরআনের নিম্নোক্ত আয়াতটি পেশ করেন। আল্লাহ বলেছেন, ‘আমি তোমার আগেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। তুমি মারা গেলে তারা কি চিরজীবী হয়ে থাকবে?’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৩৪)

আর এটা যখন প্রমাণিত হলো খিজির (আ.) জীবিত নেই, তাই তাঁর অবস্থানস্থল, কাজগুলো ও আত্মপ্রকাশ বিষয়ক প্রশ্নও অর্থহীন। তবে এটা সত্য যে আল্লাহ খিজির (আ.)-কে প্রভূত জ্ঞান দান করেছিলেন। পবিত্র কোরআনে এর সাক্ষ্য পাওয়া যায়। ইরশাদ হয়েছে, ‘অতঃপর তারা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজনের, যাকে আমি আমার কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমার কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান।’ (সুরা : কাহফ, আয়াত : ৬৫)

আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।

আজকের নামাজের সময়সূচি, ৩০ জুন ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৩০ জুন ২০২৬

আজ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩, ১৪ মহররম, ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু ১২টা ০৬ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৪২ মিনিটে।

মাগরিব ৬টা ৫৩ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ২০ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৫০ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।