জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ ৩ জনকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেপ্তার দেখাতে বলেন।
অপর আসামিরা হলেন—আওয়ামীলীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা সেলিম প্রধান ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. মোশারফ আসামিদের আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আসামিরা আওয়ামীলীগের সক্রিয় নেতা ও অর্থ যোগানদাতা। আসামিরা অত্যন্ত সু-কৌশলে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে নিবৃত করার চেষ্টা করেন এবং মামলার ঘটনায় অর্থ যোগান দেন। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন। পরবর্তীতে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০ টি ছোররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭ টি গুলি বের করা হয়।
ওই ঘটনায় ভিকটিমের খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। এর আগেও এসব আসামিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন।





