ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের অধিকতর তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেটে আগের কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে এ কমিটি গঠন করা হয়। গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপরেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইবির সিন্ডিকেট সদস্য ড. আশরাফুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. সাজ্জাদ হোসেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে বিভাগের সাবেক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন শিক্ষিকা রুনা।


