• ই-পেপার

আজকের খেলা

তথ্যমন্ত্রী

তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি-সংঘাত সৃষ্টি হয়

নিজস্ব প্রতিবেদক
তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি-সংঘাত সৃষ্টি হয়
জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি হয়।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজত জয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের সচেতন মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকেন না, বরং বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করেন। তাই বিচার বিভাগসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার ওপরই নির্ভর করে নাগরিকরা রাষ্ট্র পরিচালনার চলমান প্রক্রিয়া সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন রাষ্ট্র সঠিক পথে চলছে কি না, চলমান প্রক্রিয়াকে সমর্থন করবেন নাকি পরিবর্তনের পক্ষে অবস্থান নেবেন।

তিনি বলেন, আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে। সত্য এক জায়গায় অবস্থান করে, কিন্তু বিকৃত তথ্যের ভিত্তিতে সমাজে নানা ধরনের সংঘাত ও নৈরাজ্যের সৃষ্টি হতে পারে। বিচার বিভাগ রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এমনকি রাষ্ট্রের বিরুদ্ধেও নাগরিকরা বিচার বিভাগের কাছেই প্রতিকার চান। ফলে বিচার বিভাগসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের দায়িত্ব আরো বেশি।

এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন প্রমুখ।

 

দুনিয়া মাতানো ফুটবল বিশ্বকাপ

টাইব্রেকারে জিতে শেষ ষোলোতে মিসর

ক্রীড়া প্রতিবেদক
টাইব্রেকারে জিতে শেষ ষোলোতে মিসর
হোসাম আবদেলমজিদ দলের শেষ পেনাল্টিতে গোল করার পর মিসরীয় খেলোয়াড়দের বাঁধভাঙা উল্লাস। ছবি : রয়টার্স

বিশ্বকাপে নক আউটে প্রথম জয়ের হাতছানি ছিল দুই দলের সামনেই। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই দ্বৈরথে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে নক আউটে প্রথম জয়ের রেকর্ড গড়ে শেষ ষোলোতে উঠে গেছে মিসর। 

পেনাল্টি শুট আউটে অস্ট্রেলিয়ার হয়ে চার শটের মধ্যে লক্ষ্যভেদ করেন জ্যাকসন আরভিন, আওয়ার মাবিল; কিন্তু বারের ওপর দিয়ে বল পাঠিয়ে গোল করতে ব্যর্থ হন হ্যারি শুটার ও লুকাস হ্যারিংটন। অন্যদিকে মিসরের নেওয়া চার শটেই লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সাবের, রামি রাবিয়া, মো. সালাহ ও হোসাম আবদেলমজিদ। ২০০৬ সালে জাপানকে হারানোর পর প্রথমে গোল হজম করার পর বিশ্বকাপে জেতার উদাহরণ ছিল না অস্ট্রেলিয়ার। এবারও গল্পটা পাল্টাতে পারল না সকারুরা।

ইমাম আশুরের ত্রয়োদশ মিনিটের লক্ষ্যভেদে এগিয়ে গিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল মিসর। করিম হাফেজের ক্রসে জোরালো হেডে দারুণ গোল করেন আল আহলি মিডফিল্ডার। প্রথম পনেরো মিনিটে নিরঙ্কুশ বলের নিয়ন্ত্রণ (৭০ শতাংশ) রাখার পুরস্কারই পেয়েছে ফারাওরা। আত্মঘাতী গোলের সৌভাগ্যে ভর করে দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় সমতা ফেরায় অস্ট্রেলিয়া। বক্সের মধ্যে হেডে বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালে জড়িয়ে দেন মিসরের হানি। চলতি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষেও আত্মঘাতী গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে দুইবার আত্মঘাতী গোল করা দ্বিতীয় খেলোয়াড় হানি। নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর অতিরিক্ত ত্রিশ মিনিটেও কোনো দল আর গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টিতে বাজিমাত করে মিসর।

কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ ষোলোতে উঠেছে পর্তুগালও। পরশু পুরো বিশ্বেরই নজর ছিল টরন্টো স্টেডিয়ামে। কানাডার ওই মাঠে যে মুখোমুখি হয়েছেন দুই মহাতারকা। একসঙ্গে রিয়াল মাদ্রিদে ছয় মৌসুম কাটিয়ে তাঁরা দুজন একে অন্যের পরম বন্ধুই হয়ে উঠেছিলেন। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো আর লুকা মডরিচের জন্য ছিল এবার টিকে থাকার লড়াই। আগে গোল করে এগিয়ে গিয়েছিল মডরিচের ক্রোয়েশিয়া। কিন্তু রোনালদোর পেনাল্টিতে আসে সমতা, এটি তাঁর বিশ্বকাপ নক আউট ম্যাচে প্রথম গোল। পরে গনসালো রামোস ম্যাচের যোগ করা সময়ে লক্ষ্যভেদ করলে ২-১ গোলের জয়ে পর্তুগাল পা রাখে শেষ ষোলোয়, বিদায় ঘটে মডরিচের ক্রোয়েশিয়ার। লস অ্যাঞ্জেলেসে মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে স্পেন ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এটি বিশ্বকাপ নক আউটে ১৬ বছর পর প্রথম জয় স্পেনের। ভ্যাংকুভারে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে আরেক ধাপ সামনে এগিয়েছে সুইজারল্যান্ডও।

সর্বশেষ ১৯৩৮ সালের বিশ্বকাপে কোনো নক আউট ম্যাচ জিতেছিল সুইজারল্যান্ড। সেবার জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল তারা। গত তিনটি বিশ্বকাপে শেষ ষোলোয় উঠলেও জিততে পারেনি সুইসরা। কিন্তু আফ্রিকান প্রতিপক্ষ আলজেরিয়াকে পেয়ে এবার তারা নক আউট ম্যাচের সেই জয়ের খরা কাটিয়েছে। ব্রিল এমবোলো মাত্র ১০ মিনিটের সময়ই গোল করে এগিয়ে দেন সুইসদের। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি গোল পেয়েছে সুইজারল্যান্ড। ৪৬ মিনিটে ডান এনডোয়ের গোলের পর আলজেরিয়া আরো চাপ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেন দেশটির অন্যতম বড় তারকা রিয়াদ মাহরেজ।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের শুরুটা হয় হোঁচট খেয়ে। নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ধীরে ধীরে নিজেদের রং ফিরে পায় দলটি। বিশেষ করে পুরোপুরি ফিট হয়ে ম্যাচ টাইম বাড়তে থাকে অন্যতম তারকা লামিন ইয়ামালের। আর তাতেই বদলে যান স্ট্রাইকার মিকেল ওয়াইরসাবাল। দুজনের রসায়নটা জমে উঠছে ক্রমেই। কুকুরেয়ার কাছ থেকে বল পেয়েই ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন ওয়াইরসাবাল। এরপর বায়েনার বল ডান প্রান্ত থেকে দুরন্ত গতি নিয়ে উঠে আসা পোরো লক্ষ্যভেদ করেন ৬৬ মিনিটে। অস্ট্রিয়া বেশ কয়েকবার বেশ জোরালো আক্রমণ করেছে বটে, তবে ফিনিশিংয়ের দুর্বলতায় স্পেনের জাল খুঁজে পায়নি। উল্টো শেষ দিকে (৮৯ মিনিট) তারা আরেকটি গোল হজম করে। কুকুরেয়ার অ্যাসিস্টে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ওয়াইরসাবাল। ২০১০ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পরের আসরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় লা রোজারা। গত দুই আসরে দ্বিতীয় রাউন্ডে (শেষ ষোলো) উঠলেও জিততে পারেনি। অবশেষে এবার নক আউটে জয় পেয়েছে দলটি। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ এটি। এর আগের পাঁচটি আসরে তিনি আটটি নক আউট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, কিন্তু গোলের দেখা পাননি। ক্রোয়েশিয়ার মতো শক্তিধর প্রতিপক্ষের সামনে সেই খরা কেটেছে ম্যাচের ৬৮ মিনিটে, পেনাল্টি থেকে গোল করেছেন সিআর সেভেন এবং দলকেও ফিরিয়েছেন সমতায়। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচের ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের বদলি হিসেবে নামেন গনসালো। তিনিই ৯৪ মিনিটে দলের জয়সূচক গোল করেন। যদিও যোগ করা সময়ে ক্রোয়েশিয়ার একটি গোল ভিএআর বিশ্লেষণে বাতিল হয়। ফলে আরেকবার বিশ্বকাপ থেকে কান্নাভেজা বিদায় ঘটে লুকা মডরিচের।

 

অভিযানে ঢাকায় ৬৬ কেজি সিসা উদ্ধার

ইরানের দুই নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
অভিযানে ঢাকায় ৬৬ কেজি সিসা উদ্ধার

দেশের বিভিন্ন জেলায় সিসা পৌঁছে দেওয়ার অভিযোগে যমজ দুই ভাইসহ একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কাসহ বিভিন্ন সরঞ্জাম। ডিএনসির দাবি, দেশের ইতিহাসে অভিযানে এটিই সর্বোচ্চ পরিমাণ সিসা উদ্ধারের ঘটনা।

গ্রেপ্তার যমজ দুই ভাই হলেন আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪)। গ্রেপ্তার অন্য ব্যক্তির নাম মো. মাকসুদ আলম (৪০)। গত বৃহস্পতিবার রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, আহমেদ শরীফি ও মেহদাদ শরীফির মা-বাবা ইরানের নাগরিক। ব্যাবসায়িক উদ্দেশ্যে তাঁদের মা-বাবা বাংলাদেশে আসেন। বাংলাদেশে এই দুই ভাইয়ের জন্ম। ইরানে তাঁদের যাওয়া-আসা থাকায় সেখান থেকে তাঁরা সিসা কারবারের পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশে ফিরে তাঁরা ফেসবুক পেজের মাধ্যমে কারবারের নেটওয়ার্ক গড়েন। ধীরে ধীরে বিভিন্ন জেলায় কার্যক্রম বিস্তৃত করেন।

গ্রেপ্তারের বর্ণনা দিয়ে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীন বলেন, দুই ভাইয়ের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে সিসা ও সিসা সেবনের উপকরণ সরবরাহ করে আসছে। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারায় প্রথম অভিযানে ওই ফেসবুক পেজের নামে পাঠানো এক কেজি সিসাসহ পার্সেল জব্দ করা হয়। একই দিন মালিবাগ থেকে একই পেজের নামে পাঠানো আরো এক কেজি সিসার পার্সেল জব্দ করা হয়। জব্দ পার্সেল দুটির প্রেরকের ঠিকানা যাচাই করে কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট থেকে মূল অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়। তাঁদের ফ্ল্যাট তল্লাশি করে ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা এবং ২০টি হুক্কা জব্দ করা হয়।

আটক দুই সহোদরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, তাঁদের সরবরাহ করা সিসার একটি বড় অংশ আসত মাকসুদ আলমের কাছ থেকে। পরে ওই রাতে নূরের চালা থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে মাকসুদের বাসা তল্লাশি করে আরো ১৮ কেজি সিসা এবং ২১টি হুক্কা জব্দ করা হয়।

ডিএনসি জানায়, গ্রেপ্তার দুই ভাই ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, পণ্যের ছবি প্রকাশ, অর্ডার গ্রহণ, মূল্য নির্ধারণ এবং ডেলিভারির সমন্বয় করতেন। অর্ডার নিশ্চিত হওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পার্সেল পাঠানো হতো।

পেটের ভেতরে করে ইয়াবা কারবার : কক্সবাজার থেকে পেটের ভেতরে করে ইয়াবা এনে ঢাকায় বিক্রির অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)। তাঁরা বিশেষ কায়দায় পেটের ভেতরে করে এক হাজার ৩২০টি ইয়াবা বহন করছিলেন।

গতকাল শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

আরো ৫ জেলায় ৩ খুন, ২ লাশ

কালের কণ্ঠ ডেস্ক
সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

ঢাকার সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারে গাছ কাটা নিয়ে বিবাদে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছেন বড় ভাই।

এ ছাড়া শেরপুর ও মুন্সীগঞ্জে উদ্ধার হয়েছে দুইজনের লাশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সাভার (ঢাকা) : সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গতকাল দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।

এসআই জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। বর্তমানে তিনি ওই কক্ষে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তাঁর মেয়ে বাইরে ছিল।

বগুড়া : সারিয়াকান্দিতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আটজন। লিটন সাকিদার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গতকাল সকালে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে।

নড়াইল : দুই গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে মোস্তফা কাজি (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের আকমল গাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু।

চকরিয়া (কক্সবাজার) : পৈতৃক ভিটার গাছ কাটা নিয়ে বিরোধে ছোট ভাই দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায়। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আলী হোছনের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আবদুর রহিম পলাতক।

শেরপুর : সদর উপজেলায় ধানক্ষেতের কাদায় গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ইজি বাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাপমারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া (৪৪) চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। স্থানীয়দের ধারণা, ইজি বাইক ছিনতাই করে শ্বাসরোধে হত্যার পর লাশটি রাস্তার পাশের ধানক্ষেতের কাদায় ফেলে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ :  সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর উদ্ধার হয়েছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ। গতকাল সকালে ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থানসংলগ্ন ইছামতি নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।