কলম্বিয়া-ঘানা (সকাল ৭-৩০ মিনিট)
কানাডা-মরক্কো (রাত ১১টা)
ফ্রান্স-প্যারাগুয়ে (রাত ৩টা)

কলম্বিয়া-ঘানা (সকাল ৭-৩০ মিনিট)
কানাডা-মরক্কো (রাত ১১টা)
ফ্রান্স-প্যারাগুয়ে (রাত ৩টা)

দেশের বিভিন্ন জেলায় সিসা পৌঁছে দেওয়ার অভিযোগে যমজ দুই ভাইসহ একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কাসহ বিভিন্ন সরঞ্জাম। ডিএনসির দাবি, দেশের ইতিহাসে অভিযানে এটিই সর্বোচ্চ পরিমাণ সিসা উদ্ধারের ঘটনা।
গ্রেপ্তার যমজ দুই ভাই হলেন আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪)। গ্রেপ্তার অন্য ব্যক্তির নাম মো. মাকসুদ আলম (৪০)। গত বৃহস্পতিবার রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, আহমেদ শরীফি ও মেহদাদ শরীফির মা-বাবা ইরানের নাগরিক। ব্যাবসায়িক উদ্দেশ্যে তাঁদের মা-বাবা বাংলাদেশে আসেন। বাংলাদেশে এই দুই ভাইয়ের জন্ম। ইরানে তাঁদের যাওয়া-আসা থাকায় সেখান থেকে তাঁরা সিসা কারবারের পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। বাংলাদেশে ফিরে তাঁরা ফেসবুক পেজের মাধ্যমে কারবারের নেটওয়ার্ক গড়েন। ধীরে ধীরে বিভিন্ন জেলায় কার্যক্রম বিস্তৃত করেন।
গ্রেপ্তারের বর্ণনা দিয়ে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীন বলেন, দুই ভাইয়ের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে একটি ফেসবুক পেজের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে সিসা ও সিসা সেবনের উপকরণ সরবরাহ করে আসছে। গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারায় প্রথম অভিযানে ওই ফেসবুক পেজের নামে পাঠানো এক কেজি সিসাসহ পার্সেল জব্দ করা হয়। একই দিন মালিবাগ থেকে একই পেজের নামে পাঠানো আরো এক কেজি সিসার পার্সেল জব্দ করা হয়। জব্দ পার্সেল দুটির প্রেরকের ঠিকানা যাচাই করে কালাচাঁদপুরের একটি ফ্ল্যাট থেকে মূল অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়। তাঁদের ফ্ল্যাট তল্লাশি করে ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা এবং ২০টি হুক্কা জব্দ করা হয়।
আটক দুই সহোদরের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, তাঁদের সরবরাহ করা সিসার একটি বড় অংশ আসত মাকসুদ আলমের কাছ থেকে। পরে ওই রাতে নূরের চালা থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে মাকসুদের বাসা তল্লাশি করে আরো ১৮ কেজি সিসা এবং ২১টি হুক্কা জব্দ করা হয়।
ডিএনসি জানায়, গ্রেপ্তার দুই ভাই ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, পণ্যের ছবি প্রকাশ, অর্ডার গ্রহণ, মূল্য নির্ধারণ এবং ডেলিভারির সমন্বয় করতেন। অর্ডার নিশ্চিত হওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পার্সেল পাঠানো হতো।
পেটের ভেতরে করে ইয়াবা কারবার : কক্সবাজার থেকে পেটের ভেতরে করে ইয়াবা এনে ঢাকায় বিক্রির অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)। তাঁরা বিশেষ কায়দায় পেটের ভেতরে করে এক হাজার ৩২০টি ইয়াবা বহন করছিলেন।
গতকাল শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

ঢাকার সাভারে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক যুবক। নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারে গাছ কাটা নিয়ে বিবাদে ছোট ভাইয়ের দায়ের কোপে নিহত হয়েছেন বড় ভাই।
এ ছাড়া শেরপুর ও মুন্সীগঞ্জে উদ্ধার হয়েছে দুইজনের লাশ। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
সাভার (ঢাকা) : সাভারের আমিনবাজারে এক গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। গতকাল দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন।
এসআই জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। বর্তমানে তিনি ওই কক্ষে মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় তাঁর মেয়ে বাইরে ছিল।
বগুড়া : সারিয়াকান্দিতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আটজন। লিটন সাকিদার ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গতকাল সকালে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে।
নড়াইল : দুই গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধে মোস্তফা কাজি (৬৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের আকমল গাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু।
চকরিয়া (কক্সবাজার) : পৈতৃক ভিটার গাছ কাটা নিয়ে বিরোধে ছোট ভাই দা দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই। গতকাল সকালে এ ঘটনা ঘটেছে খুটাখালী ইউনিয়নের দক্ষিণপাড়ায়। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের মৃত আলী হোছনের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আবদুর রহিম পলাতক।
শেরপুর : সদর উপজেলায় ধানক্ষেতের কাদায় গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ইজি বাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সাপমারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া (৪৪) চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। স্থানীয়দের ধারণা, ইজি বাইক ছিনতাই করে শ্বাসরোধে হত্যার পর লাশটি রাস্তার পাশের ধানক্ষেতের কাদায় ফেলে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ : সিরাজদিখানে নিখোঁজের চার দিন পর উদ্ধার হয়েছে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ। গতকাল সকালে ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থানসংলগ্ন ইছামতি নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা এবং চীন-মায়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাবের প্রতিবেদনগুলো ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীনের প্রস্তাবিত জে-১০সিই যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশ চীনের সঙ্গে আলোচনা করছে এবং চীন-মায়ানমার-বাংলাদেশ করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনা করছে—এমন দুটি পৃথক প্রশ্নের জবাবে রণধীর বলেছেন, ‘আমরা আমাদের এলাকার এ ধরনের সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ প্রকল্পের বিষয়ে ভারতের মতামত এরই মধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, ‘বাংলাদেশে প্রকল্পগুলোর জন্য আমাদের উন্নয়নমূলক সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়।’ রণধীর আরো বলেন, সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহই বিবেচনায় রাখবে ভারত।
প্রসঙ্গত, ভারত থেকে প্রবাহিত তিস্তা ও অন্যান্য আন্ত সীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা করতে বাংলাদেশ ও চীন সম্মত হওয়ার কয়েক দিন পর এই মন্তব্যগুলো এসেছে। এর আগে গত সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান একটি ‘জাতীয় অগ্রাধিকার’ এবং এটি ‘যেকোনো মূল্যে’ বাস্তবায়ন করা হবে। তবে চীনা কর্মকর্তারা দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।
ব্রিফিংয়ে সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গেও ফের ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল। তিনি বলেন, ইসলামাবাদের আন্ত সীমান্ত সন্ত্রাসবাদে অব্যাহত পৃষ্ঠপোষকতার জবাবে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রয়েছে বলে পুনরায় জানিয়েছেন তিনি। জয়সওয়াল বলেন, সিন্ধু পানি চুক্তির বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ত্যাগ করতে হবে। সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া