• ই-পেপার

উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক

খামেনির শেষ বিদায়ে ভারত থেকে যাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক
খামেনির শেষ বিদায়ে ভারত থেকে যাচ্ছেন যারা
সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান আগামী ৪ জুলাই তেহরানে শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলোর মতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ছাড়াও প্রতিনিধিদলে থাকতে পারেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইনও।

কে এই পবিত্র মার্গেরিটা?

আসামের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য নির্বাচিত হন পবিত্র মার্গেরিটা। ২০২৪ সালের জুন থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৩ অক্টোবর আসামের মার্গেরিটা শহরে জন্মগ্রহণ করেন তিনি। নিজ শহরে প্রাথমিক শিক্ষা শেষে গুয়াহাটির আসাম টেক্সটাইল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন। ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি অসমিয়া মাসিক ‘মায়া’ ও ‘সা রে গা মা’র প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০টিরও বেশি অসমিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র এবং ১০০টির বেশি লোকসংগীত ও সমসাময়িক গানের প্রযোজনা করেন।

২০১৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি আসাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আসাম সরকারের চলচ্চিত্র প্রতিষ্ঠান ‘জ্যোতি চিত্রবান ফিল্ম স্টুডিওর’ চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালের এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন।

খামেনির শোকানুষ্ঠানের কর্মসূচি

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬ দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে বিদায় অনুষ্ঠান, ৬ জুলাই রাজধানীতে মূল জানাজার শোভাযাত্রা, ৭ জুলাই পবিত্র নগরী কুমে শোকানুষ্ঠান এবং ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

চীন, রাশিয়া, পাকিস্তান ও কাতারের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তার দেশ থেকে একটি সরকারি প্রতিনিধিদল এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবে।

ভারতে পেট্রোকেমিক্যালস প্ল্যান্টের পাইপলাইনে আগুন, আহত ৩০

অনলাইন ডেস্ক
ভারতে পেট্রোকেমিক্যালস প্ল্যান্টের পাইপলাইনে আগুন, আহত ৩০
ছবি : দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৪ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের হলদিয়া এলাকায় পেট্রোকেমিক্যালস পরিচালিত একটি কারখানার ন্যাপথা পাইপলাইনে আগুন লাগে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই কারখানায় আগুন লাগার পর তা দ্রুত আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কারখানার কর্মচারী এবং অন্তত দুজন নিরাপত্তারক্ষী রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত পাইপলাইন থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ন্যাপথা একটি অত্যন্ত দাহ্য পেট্রোলিয়ামজাত পদার্থ, যা জ্বালানি ও বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হলদিয়া পেট্রোকেমিক্যালস জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান, হরমুজে মাইন অপসারণে ইরানের আধিপত্য

অনলাইন ডেস্ক
ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান, হরমুজে মাইন অপসারণে ইরানের আধিপত্য
ফাইল ছবি

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইন অপসারণে ফ্রান্সের অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সাম্প্রতিক পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী প্রণালিতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে বলে জানিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বলছে, এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দেন, ওমানের সঙ্গে সমন্বয় করে এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় ফ্রান্স হরমুজ প্রণালিতে মাইন অপসারণের উদ্যোগ নেবে। যাতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করা যায়। তার এই কথার পর গারিবাবাদি এ মন্তব্য করেন।

এর জবাবে ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী মাইন অপসারণের কাজ কেবল ইরানই করবে, অন্য কোনো দেশ নয়।’

কাজেম গারিবাবাদি আরো বলেন, বর্তমান ‘সংবেদনশীল ও জটিল’ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজে কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না।

ফ্রান্সকে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, উসকানিমূলক পদক্ষেপ নিয়ে পরিস্থিতিকে আরো জটিল করবেন না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়।

গত ১৭ জুলাই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি ১৪ দফা সমঝোতা স্মারকে সই করে। এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অব্যাহত রাখা এবং বাণিজ্যিক জাহাজের জন্য অন্তত ৬০ দিন টোলমুক্ত চলাচল নিশ্চিত করা। পাশাপাশি ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ নৌ চলাচল পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও রয়েছে।

তবে ইরান পুনর্ব্যক্ত করেছে যে, হরমুজ প্রণালি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং এই কৌশলগত জলপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকার বজায় রাখবে।

ইরানে আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত

অনলাইন ডেস্ক
ইরানে আইআরজিসির দুই সদস্য গুলিতে নিহত
ছবি: রয়টার্স

ইরানের পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর পাভেহতে নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কে এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তবে ইরানের সরকার অতীতের এমন হামলার জন্য প্রায়ই সীমান্ত এলাকার কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগও করে তেহরান।

রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত হামলা’। এতে আরো দুইজন আইআরজিসি সদস্য আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তারিত ঘটনা এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে, সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সারাভান শহরে একটি পরিবারের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে পরিবারের বাবা ঘটনাস্থলেই নিহত হন এবং মা গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, হামলাটি ‘জায়নবাদী-আমেরিকান ভাড়াটে গোষ্ঠী’ চালিয়েছে। ইরানের কর্মকর্তারা সাধারণত বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে বোঝাতে এ ধরনের শব্দ ব্যবহার করেন।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী, সশস্ত্র গোষ্ঠী ও মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এটি ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। এখানে অনেক বেলুচ জনগোষ্ঠীর বসবাস, যাদের বেশির ভাগ সুন্নি মুসলিম। তবে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মুসলিম।