শক্তি-সামর্থ্যে ধারে কাছে ছিল না কেপ ভার্দে। র্যাংকিংয়ের ৬৭ নম্বর দলের বিপক্ষে খেলা চূড়ায় থাকা আর্জেন্টিনার। আবার আলবিসেলেস্তাদের নামের পাশে তিন বিশ্বকাপের বিপরীতে প্রথমবার ফুটবলের সর্বোচ্চ আসরে অভিষেক কেপ ভার্দের।
অতীত ইতিহাস আর পরিসংখ্যানের হিসেবে লড়াইটা তাই একপেশেই হওয়ার কথা ছিল। কিন্তু মায়ামিতে আজ যা হলো তাতে হাফ ছেড়ে বেঁচেছে আর্জেন্টিনা। স্কোরলাইন ৩-২ হলেও আলবিসেলেস্তাদের কঠিন পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একদম চমকে দিয়েছে তারা।
জয় কতটা কঠিন ছিল তার প্রমাণ পাওয়া যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তার মতে, ম্যাচটা অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। বিশ্বকাপে কোনো ম্যাচ যে সহজ নয় তা ম্যাচ শেষে স্বীকার করেছেন তিনি।
অতিরিক্ত সময়ে জয় পাওয়ার পর স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। লোকে যখন বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, কথাটা আসলেই শতভাগ সত্যি। আজ তা আবারও প্রমাণিত হলো।’
ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। তবে প্রতিবারই সমতায় ফিরে আর্জেন্টিনার নাভিশ্বাস তুলেছিল তারা। দুর্দান্ত পারফম্যান্সের জন্য তাই প্রশংসা পাচ্ছে স্কালোনির কাছে থেকেও। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা মাঠে দেখিয়েছে কতটা দুর্দান্ত দল।’
শিষ্যদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসাও করেছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘সবকিছুর মাঝেও আপনাকে সবসময় ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলটি কখনো হাল ছেড়ে দিতে জানে না।’




