দেশি-বিদেশি এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
খেলাটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।
‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো একই ক্রীড়া মঞ্চে অংশ নেবে।
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইনস এবং ফ্লাই দুবাই।
দুই দিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।
এ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।
এএফসি-২০২৬-এর পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটর। কো-স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন, প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইনস ক্লাব, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান এবং মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস।







