২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। পরিসংখ্যান ও শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কিছু বিশ্লেষক মনে করছেন, এই ম্যাচে চমক দেখাতে পারে রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া।
বিশ্লেষকদের মতে, ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাদের ধারণা, আর্জেন্টিনার হয়ে গোল করতে পারেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ, আর অস্ট্রিয়ার হয়ে জালের দেখা পেতে পারেন মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে গোল পেলেই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আর্জেন্টাইন মহাতারকা।
বর্তমান চ্যাম্পিয়নরা দুর্দান্ত ছন্দে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছে লিওনেল স্কালোনির দল। টানা আট জয়ের ধারায় থাকা আর্জেন্টিনা এই ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে।
তবে অস্ট্রিয়াকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। শুধু তাই নয়, গত ১২ ম্যাচে ১০ জয় তুলে নিয়েছে রাংনিকের শিষ্যরা। এই সময়ে তাদের একমাত্র হারটি এসেছে রোমানিয়ার বিপক্ষে।
বিশ্লেষকদের বিশ্বাস, অস্ট্রিয়ার হাই-প্রেসিং ফুটবল আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারে। বিশেষ করে দ্রুত পাল্টা আক্রমণ এবং সেট-পিস থেকে তারা বিপদ তৈরি করার সক্ষমতা রাখে। যদি মেসিকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুযোগগুলো কাজে লাগানো যায়, তাহলে বড় অঘটন ঘটাতেও পারে ইউরোপের দলটি।
তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মেসি। ২০০তম আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করা এই কিংবদন্তি এখন নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে তার পা থেকে আরেকটি গোল এলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার মুকুট এককভাবেই মাথায় উঠবে।




