লিওনেল মেসি যেন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই চলেছেন। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। ৩৮ বছর বয়সেও তার পারফরম্যান্স বিস্মিত করছে পুরো ফুটবল বিশ্বকে।
বিশ্বকাপে ওই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসিয়েছেন। ১৬ গোল নিয়ে তিনি ছুঁয়েছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনায় এসেছে তার ইউরোপে ফেরার সম্ভাবনা। তবে বাস্তবতা হলো, তিনি আর ইউরোপীয় ক্লাব ফুটবলে ফিরছেন না। কয়েক মাস আগে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করে নিজের ভবিষ্যৎ স্পষ্ট করে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তবু বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর হতে পারে অন্য একটি সম্ভাবনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘টোটাল সকার’-এর দাবি, ভবিষ্যতে আবারও বার্সেলোনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে, যদিও তা হবে শুধু একটি বিদায়ী সম্মাননা ম্যাচে।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা ও ইন্টার মায়ামি দীর্ঘদিন ধরে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা করছে। পরিকল্পনা অনুযায়ী, ঐতিহ্যবাহী ‘হোয়ান গ্যাম্পার ট্রফি’কে কেন্দ্র করে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে চলতি বছর ম্যাচটি আয়োজনের চিন্তা থাকলেও এখন ধারণা করা হচ্ছে, ২০২৭ সালে নতুনভাবে সংস্কারকাজ শেষ হওয়া স্পোর্টিফাই ক্যাম্প ন্যূ’তে এই আয়োজন হতে পারে।
সবকিছু ঠিক থাকলে ম্যাচটি শুধু নতুন ক্যাম্প ন্যুর উদ্বোধনী উৎসবই হবে না, বরং বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসির জন্য একটি আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠানও হবে। এমনকি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ম্যাচে মেসি দুই দলের জার্সিতেই কিছু সময় খেলতে পারেন।
২০২১ সালে অশ্রুসিক্ত বিদায়ের পর যে বিদায়ী সংবর্ধনা তিনি পাননি, অবশেষে সেটিই হয়তো পেতে যাচ্ছেন বার্সেলোনার ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা তারকা।



